ইমার্জিং নেশনস ট্রফিতে বাংলাদেশ দলের নেতৃত্বে নাহিদা

নারী ক্রিকেটে নতুন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি ২০২৬ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাহিদা আক্তার। তার সহকারী হিসেবে থাকছেন সোবহানা মোস্তারি।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

১৫ সদস্যের দলে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও। অধিনায়ক নাহিদা ও সহ-অধিনায়ক সোবহানার সঙ্গে দলে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও শান্তি রানি।

আজমানে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। ইতোমধ্যে প্রতিযোগিতার সূচিও প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।