নারী ক্রিকেটারদের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের জন্য স্বাধীন অভিযোগ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটিতে বোর্ডের বর্তমান কোনো পরিচালককে না রেখে বাইরের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। নারী ক্রিকেটাররা যাতে ভয় কিংবা সংকোচ ছাড়া নিজেদের অভিযোগ জানাতে পারেন, সেই লক্ষ্যেই এমন উদ্যোগ।
সোমবার বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, গত ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ডের ওয়ার্কিং কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পায়নি। বোর্ড সভায় তোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১১ সদস্যের ওয়ার্কিং কমিটির ওই কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, গত ওয়ার্কিং কমিটির সভায় বিষয়টি (স্বাধীন অভিযোগ কমিটি গঠন) উত্থাপন করা হয়েছিল। আমরা একমত হয়েছি এমন একটি কমিটি গঠন করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘এখনো এটি অনুমোদন পায়নি। প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে, তবে বোর্ড সভায় তুলতে হবে।’
কমিটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে বোর্ডের বাইরের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে চায় বিসিবি। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা কমিটির জন্য বাইরের লোকজনকে যুক্ত করতে চাই। এতে কোনো নারী ক্রিকেটার কারও বিরুদ্ধে অভিযোগ করলে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা সম্ভব হবে।’
জানা গেছে, বিসিবির শীর্ষ কর্মকর্তাদের একটি অংশ মনে করছে, কমিটিতে বাইরের ব্যক্তিদের রাখা জরুরি। কারণ, কোনো কমিটির অধীনে থাকা কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা তদন্তপ্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে পারেন। সে আশঙ্কা এড়াতেই স্বাধীন কমিটি গঠনের পরিকল্পনা।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে সাকিব