সাকিব-রিশাদের পর বিগ ব্যাশে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার মোস্তাফিজ

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বহুবার। এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও (বিবিএল) দেখা যাবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তাকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস।

বুধবার মোস্তাফিজকে দলে নেওয়ার খবর জানিয়েছে রেনেগেডস। কাধে অস্ত্রোপচারের কারণে বিবিএলের ১৬তম আসরে খেলতে পারবেন না জেসন বেহরেনডর্ফ। তার পরিবর্তে বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন।

প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছেন মোস্তাফিজ। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছি। এমসিজিকে নিজের হোম গ্রাউন্ড হিসেবে পাওয়া হবে বিশেষ কিছু। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং দলে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে আমি রোমাঞ্চিত।’

৩১ বছর বয়সী মোস্তাফিজ ৩৩১টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪২৩ উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯টি আসরে তার শিকার ১২১ উইকেট। পুরো টুর্নামেন্টে তাকে পাওয়ার আশা করছে রেনেগেডস। 

মোস্তাফিজকে পেয়ে উচ্ছ্বসিত রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বজুড়ে নিজের সামর্থ্য প্রমাণ করা এই পেসারকে ‘ম্যাচজয়ী’ হিসেবে অভিহিত করেছেন তিনি। রনকির মতে, পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার দক্ষতা মোস্তাফিজকে দলের জন্য গুরুত্বপূর্ণ করে তুলবে।

বিগ ব্যাশে খেলতে যাওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হতে যাচ্ছেন দ্য ফিজ। এর আগে এই টুর্নামেন্টে খেলেছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। রিশাদ বর্তমানে হোবার্ট হারিকেনসের সঙ্গে চুক্তিবদ্ধ। সাকিবও মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন।