হজের সেঞ্চুরিতে লিড তিনশ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের

সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দুই ওপেনারকে হারালেও ধীরে ধীরে চালকের আসনে বসে গেছে ওয়েস্ট ইন্ডিজ। চায়ের বিরতির পর কেভিন উইকহ্যামকে (৭৮) ফিরিয়ে কাভেম হজের সঙ্গে তার ১৬৫ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। তার পরও ওয়েস্ট ইন্ডিজ রানের পাহাড় গড়ার দিকে ছুটছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৩৭ রান। কাভেম হজ তৃতীয় সেঞ্চুরি তুলে ১৩৬ রানে ব্যাট করছেন। ১৬ রানে ব্যাট করছেন আমির জাঙ্গু। তাদের লিড এখন ৩০৭ রানের। 

চায়ের বিরতির সময়ই সফরকারীদের স্কোর ছিল ২ উইকেটে ২৫৯ রান। দ্বিতীয় সেশনটি বাংলাদেশের জন্য ছিল হতাশার। ২৮ ওভারে ১৩১ রান তুলেছে ক্যারিবীয়রা। কিন্তু কোনও উইকেটই ফেলতে পারেনি তারা। 

অবস্থা যেমন দাঁড়াচ্ছে তাতে করে বাংলাদেশকে এই টেস্ট জিততে রেকর্ড করতে হবে। টেস্টে বাংলাদেশ ২০০৯ সালে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছিল। তখন প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার সেই রেকর্ডকেও পেছনে ফেলতে হবে তাদের।