আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের জন্য আসতে পারে দারুণ এক সুখবর। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে বুয়েনস এইরেসে অনুষ্ঠিত হতে পারে বহুল আলোচিত এই ম্যাচ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের ১৯ জানুয়ারি ম্যাচটি আয়োজনের বিষয়ে দুই ক্লাবের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। এখন চূড়ান্ত আয়োজন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা।
ইন্টার মায়ামির হয়ে খেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফলে রিভার প্লেটের বিপক্ষে সম্ভাব্য এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনার অন্যতম সফল ও জনপ্রিয় ক্লাব রিভার প্লেটের মাঠে মেসিদের খেলা বাড়তি আকর্ষণ তৈরি করতে পারে।
তবে ম্যাচটি আয়োজনের বিষয়ে এখনো দুই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রাথমিক আলোচনা চূড়ান্ত রূপ পেলে ২০২৭ সালের জানুয়ারিতে বুয়েনস এইরেসে দেখা যেতে পারে দুই ক্লাবের লড়াই।