আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে তার পথচলা থেমেছে ১৪৬ গোল ও ২৩৪ ম্যাচের রেকর্ড নিয়ে। বিদায়ের এই সময়ে আবারও সামনে এসেছে লিওনেল মেসির সঙ্গে তার সেই চিরচেনা বিতর্ক- কে সর্বকালের সেরা।
ক্যারিয়ারের পুরোটা সময়ই মেসির সঙ্গে তুলনার মধ্যে দিয়ে যেতে হয়েছে রোনালদোকে। সর্বকালের সেরা ফুটবলার কে- এই প্রশ্নে ভক্ত-সমর্থকদের মধ্যে মতভেদ এখনো রয়েছে। ২০২২ সালে মেসি বিশ্বকাপ জেতার পরও সেই বিতর্কের অবসান হয়নি। তবে নিজের শ্রেষ্ঠত্বের পক্ষে বরাবরই যুক্তি দিয়ে এসেছেন রোনালদো।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো দাবি করেছিলেন, এখন পর্যন্ত সবচেয়ে পূর্ণাঙ্গ খেলোয়াড় আসলে তিনি-ই।
সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, মানুষের পছন্দ মেসি, পেলে কিংবা ডিয়েগো ম্যারাডোনার দিকে থাকতে পারে। সেটি তিনি সম্মান করেন। কিন্তু নিজের চেয়ে ভালো কোনো খেলোয়াড় তিনি দেখেননি।
রোনালদোর ভাষায়, ‘আমার মনে হয়, এ পর্যন্ত যত খেলোয়াড় এসেছে, তাদের মধ্যে আমিই সবচেয়ে পূর্ণাঙ্গ। আমার বিবেচনায় আমিই সেরা। ফুটবলে সবকিছুই ভালো করতে পারি আমি।’
তিনি আরও বলেছেন, ‘একটা বিষয় হলো ব্যক্তিগত পছন্দ। আপনি মেসি, পেলে কিংবা ম্যারাডোনাকে পছন্দ করেন, সেটা আমি বুঝি এবং সম্মান করি। কিন্তু রোনালদো পূর্ণাঙ্গ খেলোয়াড় নন; এ কথা বলার সুযোগ নেই। আমিই সবচেয়ে পূর্ণাঙ্গ। আমার চেয়ে ভালো কাউকে দেখিনি। কথাটা আমি হৃদয় থেকেই বলছি।’
আন্তর্জাতিক ফুটবলে গোলের সংখ্যায় মেসিকে ছাড়িয়েই ক্যারিয়ার শেষ করেছেন রোনালদো। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে তার গোল ১৪৬টি। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে মেসির গোল ১২৬টি।
তবে শিরোপার হিসাবেও দুজনের অর্জন আলাদা। আর্জেন্টিনার হয়ে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জিতেছেন মেসি। আর পর্তুগালের হয়ে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পাশাপাশি দুটি উয়েফা নেশনস লিগ শিরোপা জিতেছেন রোনালদো।