বল টেম্পারিং নিয়ে উসমান খাজার বিস্ফোরক মন্তব্যের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেলো অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে। তবে সিডনির রাস্তায় স্ত্রী বেকির সঙ্গে তাকে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়াতে দেখা গেছে। বুধবার প্রকাশিত একটি ভিডিওতে তাদের এমন কথোপকথনের দৃশ্য ধরা পড়ে।
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, টি-শার্ট ও শর্টস পরা কামিন্স এবং তার স্ত্রী সিডনির একটি রাস্তায় উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন। কথোপকথনের সময় কামিন্সকে তুলনামূলক নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায়। একপর্যায়ে দুজনই একটি বাড়ির ভেতরে চলে যান।
নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই সাদা বলের সিরিজ থেকে বিশ্রামে রয়েছেন কামিন্স।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের পুরো ড্রেসিংরুম অবগত ছিল বলে সম্প্রতি দাবি করেছেন খাজা। তার এই মন্তব্যে দ্রুত সমর্থন জানিয়েছেন দীর্ঘদিনের বন্ধু ও সাবেক ওপেনিং পার্টনার ডেভিড ওয়ার্নারও।
মঙ্গলবার প্রকাশিত আত্মজীবনী ‘সাবর’-এও ওই ঘটনার বিবরণ তুলে ধরেছেন খাজা। তার বর্ণনায় উঠে এসেছে, কীভাবে সেই ঘটনার জেরে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে দীর্ঘ মেয়াদে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল।
দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ার সর্বশেষ সিরিজের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল, সাবেক টেস্ট ওপেনার এমন কোনও তথ্য প্রকাশ করতে পারেন কি না, যা সে সময়ের তদন্তের ফলাফলের সঙ্গে সাংঘর্ষিক। জবাবে কামিন্স বলেন, ‘ঘটনাটি অনেক আগের। তখন সব তদন্ত হয়েছে, সবকিছুই করা হয়েছে। অসংখ্যবার সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।’