কান্দাহারে রেডিওতে ক্রিকেট সম্প্রচার নিষিদ্ধ করেছে তালেবান

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রেডিওতে ক্রিকেট সম্পর্কিত অনুষ্ঠান বা খবর প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তালেবান কর্তৃপক্ষের এমন নির্দেশনার কথা জানিয়েছে দুটি স্থানীয় সম্প্রচারমাধ্যম ও প্রাদেশিক একটি সূত্র। বার্তা সংস্থা এএফপিকে তারা এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা খেলাটির প্রতি তালেবান সরকারের সমর্থনও রয়েছে। গত আগস্টে ক্ষমতায় ফেরার বর্ষপূর্তি উপলক্ষে ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল তারা। তবে এবার কান্দাহারের তথ্য ও সংস্কৃতি বিভাগ শনিবার স্থানীয় রেডিও স্টেশনগুলোকে জানিয়ে দিয়েছে, ক্রিকেট-সম্পর্কিত কোনও বিষয় আর সম্প্রচার করা যাবে না।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘ধারাভাষ্য কিংবা খবর প্রচার, এমনকি ক্রিকেটে কোনও দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন করা নিষিদ্ধ।’

কান্দাহারের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধান এএফপিকে বলেছেন, ‘তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে আমাদের ফোন করা হয়েছিল। জানানো হয়েছে, এখন থেকে রেডিওতে ক্রিকেট নিয়ে আর কোনও অনুষ্ঠান বা খবর প্রচার করা যাবে না।’

প্রদেশটির আরেকটি রেডিও স্টেশনের ম্যানেজারও নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছে, ‘আপাতত ক্রিকেট-সম্পর্কিত সবকিছুই নিষিদ্ধ।’

নিরাপত্তার কারণে দুই সম্প্রচারমাধ্যমের প্রতিনিধিই নাম প্রকাশ না করার শর্তে এএফপির সঙ্গে কথা বলেছেন।

কান্দাহারে ক্রিকেট সম্প্রচার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য জানতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পাওয়া যায়নি। কান্দাহারেই বসবাস করেন তালেবানের সর্বোচ্চ নেতা।

আফগানিস্তানে কিছু খেলাধুলার ওপর বিধিনিষেধ আরোপ করেছে তালেবান কর্তৃপক্ষ। মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধ করা হলেও পুরুষ ও ছেলেদের ক্রিকেট খেলার অনুমতি রয়েছে। তবে নারী ও মেয়েদের জিমে যাওয়া এবং খেলাধুলায় অংশ নেওয়া নিষিদ্ধ। জনজীবনে নারীদের অংশগ্রহণ কঠোরভাবে সীমিত করার নীতিরই অংশ এসব বিধিনিষেধ।

এদিকে, আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতের শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে।