অধিনায়ক তামিমকে 'সাংবাদিক' মাশরাফির প্রশ্ন

বৃহস্পতিবার মিরপুর একাডেমিতে তামিম-মাশরাফির খুনসুটিবৃহস্পতিবার মিরপুর একাডেমিতে সাংবাদিক হয়ে উঠলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার প্রশ্নবাণে জর্জরিত হলেন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল। শুক্রবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম রাউন্ড শুরু হওয়ার আগে দারুণ এক আড্ডার হাট বসেছিলো মিরপুরে। সেখানে সংবাদকর্মীদের ভিড়ে মাশরাফি ও তামিম ছিলেন আড্ডার কেন্দ্রবিন্দু।

শুক্রবার মুখোমুখি হচ্ছে তামিমের আবাহনী ও মাশরাফির কলাবাগান ক্রীড়াচক্র। জাতীয় দলের এই দুই সতীর্থ পরস্পরের প্রতিপক্ষ হয়ে শুক্রবার মাঠে নামছেন। তবে মাঠের লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে আবাহনী অধিনায়ক তামিম মুখোমুখি হলেন সাংবাদিক মাশরাফির।

তামিমকে প্রশ্ন করে বসলেন অধিনায়কত্ব কতটা উপভোগ করছেন। তাতে মনে হয় কিছুটা ভড়কে গেলেন তামিম! সেটা অবশ্য হওয়ারই কথা। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে কখনও অধিনায়কত্ব করা হয়নি তামিমের। তবে সাকিব আল হাসানের অধিনায়কত্বে সহ-অধিনায়ক ছিলেন তিনি। বর্তমানে টেস্টেও মুশফিকুর রহিমের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অবশ্য ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু টুর্নামেন্ট অধিনায়কত্ব করেছেন তামিম। তাতে সাফল্য পাননি খুব একটা। সে কারণেই বোধহয় মাশরাফির প্রশ্নে কিছুটা কৌশল করে উত্তর দিলেন তামিম। বলেন, ‘আমি অধিনায়ক থাকছি, গতকাল এর ঘোষণা এসেছে। আগামীকালকের ম্যাচের পর বলতে পারব, কেমন উপভোগ করছি। সত্যি বলতে আমি এখনও এই জিনিসটা নিয়ে সেটেল না। আরও অনেক কিছুই শেখার আছে। আমি খুব বেশি অধিনায়কত্ব করিনি। সম্প্রতি কয়েকটি টুর্নামেন্টে করেছি। অধিনায়কত্ব অনেকটা ব্যাটিংয়ের মতো, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি রান করবো। যত বেশি ম্যাচ জিতব তত আমার অধিনায়কত্ব ভালো হবে।'

তামিম নিজ থেকেই মাশরাফির কাছ থেকে অধিনায়কত্ব শেখার কথা জানান। তিনি বলেন, ‘উনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। জাতীয় দলে যখন খেলি, খুবই ভালো সাপোর্টিং হ্যান্ড হিসেবে তিনি কাজ করেন। কালকের ম্যাচে যখন দেখব উনি কিভাবে জিনিসগুলো করছেন, আমি নিশ্চিত তখন অনেক ইতিবাচক জিনিস নিতে পারব।'

বোঝাই যাচ্ছে কালকে তামিমকে বড় ধরনের পরীক্ষায় ফেলবেন মাশরাফি। যদিও কাগজে-কলমে এই ম্যাচে আবাহনীই এগিয়ে রয়েছে। তবুও মাশরাফি বলেই আশা কলাবাগানের।

শুক্রবারের ম্যাচে অধিনায়কত্ব নিয়ে তামিম বলেন, ‘আমি বিশ্বাস করি, একজন মানুষই একটি দলকে বদলে দিতে পারে। হয়তো কাগজ-কলমে একটি দল অনেক স্ট্রং হতে পারে। একটা সাধারণ দলকে দুই তিনজন মিলে বদলে দিতে পারে। এরকম অনেক খেলাই হয়তো দেখেছেন। আমার দায়িত্ব সেরাটা দিয়ে আবাহনী যে কারণে আমাকে দলে নিয়েছে সেটা পূরণ করা।'

তিনি আরও যোগ করেন, ‘আমি নিশ্চিত মাশরাফি ভাইও একই টার্গেট নিয়ে মাঠে নামবেন। উনারা যে চ্যাম্পিয়ন হতে পারবেন না, সেটা আমি বলছি না। আমার মনে হয় ১২টা দলই চ্যাম্পিয়ন ফাইটের জন্য যাবে। তারপর যে দল চ্যাম্পিয়ন হয়।'

চ্যাম্পিয়ন হওয়ার রেসে কাকে এগিয়ে রাখবেন, সাংবাদিকদের করা এমন প্রশ্নে তামিম জবাব দেন, 'আমার কাছে মনে হয় মোহামেডান শক্তিশালী। লিজেন্ড অব রুপগঞ্জও ভালো দল। গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক এবং আবাহনীর সম্ভাবনাও আছে।' মাশরাফির কাছে একই প্রশ্ন করা হলে নিজের দলকেও রেসে রাখলেন। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় গাজী, আবাহনী, মোহামেডান, দোলেশ্বর, প্রাইম ব্যাংক ও কলবাগান ক্রীড়া চক্র।'

/আরআই/এমআর/