৬২ বছরেও অক্ষত টেস্ট ক্রিকেটের অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড

টেস্ট ক্রিকেটে টানা সবচেয়ে বেশি মেডেন ওভার করার বিশ্ব রেকর্ডটি ছয় দশকেরও বেশি সময় ধরে অক্ষত। ১৯৬৪ সালে ভারতের কিংবদন্তি বাঁহাতি স্পিনার রমেশচন্দ্র গঙ্গারাম নাদকার্নি গড়েছিলেন অবিশ্বাস্য এই কীর্তি। ক্রিকেট বিশ্বে ‘বাপু’ নামে পরিচিত এই স্পিনারের সেই রেকর্ড যেন নিখুঁত লাইন ও লেংথের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। আধুনিক ক্রিকেটের আগ্রাসী ব্যাটিংয়ের যুগে এমন কীর্তির পুনরাবৃত্তি প্রায় অসম্ভব বলা চলে।

১৯৬৪ সালের ১২ জানুয়ারি মাদ্রাজ করপোরেশন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন নাদকার্নি। টানা ২১টি মেডেন ওভার করে প্রতিপক্ষের ব্যাটারদের কার্যত বাক্সবন্দী করে রেখেছিলেন তিনি। কয়েক ঘণ্টার সেই বোলিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিষ্ঠিত ব্যাটারদের রান করার সুযোগই দেননি এই স্পিনার।

সেই ইনিংসে নাদকার্নির বোলিং ফিহার ছিল অবিশ্বাস্য- ৩২ ওভার, ২৭টি মেডেন। বিনিময়ে মাত্র ৫ রান, কোনো উইকেট নেই। ওভারপ্রতি রান দেওয়ার হার ছিল মাত্র ০.১৫। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে কৃপণ বোলিংয়ের এমন নজির আজও অনন্য।

১৯৫৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন নাদকার্নি। অনুশীলনে বলের লাইন ও লেংথ ঠিক রাখার প্রতি তার ছিল অসাধারণ নিষ্ঠা। ভারতের হয়ে ৪১টি টেস্ট খেলেছেন তিনি, উইকেট নিয়েছেন ৮৮টি। ইনিংসে তার সেরা বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে ৪৩ রানে ৬ উইকেট।।

শুধু কৃপণ বোলিংয়ের জন্যই নয়, ব্যাট হাতেও যথেষ্ট কার্যকর ছিলেন নাদকার্নি। ভারতের হয়ে ২৫.৭০ গড়ে করেছেন ১ হাজার ৪১৪ রান। ১৯৬৪ সালের সেই ইংল্যান্ড সিরিজেই খেলেছিলেন অপরাজিত ১২২ রানের ইনিংস।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও ছিল তার সমৃদ্ধ ক্যারিয়ার। বোম্বে ও মহারাষ্ট্রের হয়ে ১৯১ ম্যাচে করেছেন ৮ হাজার ৮৮০ রান, পাশাপাশি নিয়েছেন ঠিক ৫০০ উইকেট।