জোহানেসবার্গে যে অনন্য কীর্তি গড়েছেন লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০

ব্যাট হাতে সেঞ্চুরির সঙ্গে উইকেটের পেছনে বিশ্বরেকর্ড! জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অনন্য এই কীর্তি গড়েছেন লিটন দাস। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ আটটি ডিসমিসালের বিশ্বরেকর্ড এখন তার দখলে। তার চেয়েও বড় বিষয় হচ্ছে একই ইনিংসে সেঞ্চুরি ও আটটি ডিসমিসালের কীর্তিও আগে কেউ গড়তে পারেননি।

টেস্টের চতুর্থ দিনের সকালে কাগিসো রাবাদাকে স্টাম্পিং করে বিশ্বরেকর্ডটি নিজের করে নেন লিটন। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচ উইকেটরক্ষকের। তারা হলেন ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস ও জশুয়া ডি সিলভা। সর্বশেষ ২০২৩ সালে এই কীর্তি গড়েছিলেন ডি সিলভা।

তবে শুধু বিশ্বরেকর্ডই নয়, একই ইনিংসে আরও একটি বিরল কীর্তি গড়েছেন লিটন। বাংলাদেশের প্রথম ইনিংসে ১২০ রান করার পাশাপাশি উইকেটের পেছনে আটটি ডিসমিসাল করেছেন তিনি। এর আগে টেস্টে এক ইনিংসে সেঞ্চুরি ও ছয়টি ডিসমিসালের কীর্তি ছিল কেবল ডেনিস লিন্ডসে (১৯৬৬) ও এবি ডি ভিলিয়ার্সের (২০১৩)। চমকপ্রদ বিষয়, দুজনই এই কীর্তি গড়েছিলেন জোহানেসবার্গে।

তৃতীয় দিন শেষে লিটনের সংগ্রহে ছিল ছয়টি ক্যাচ। এইডেন মারক্রাম, জুবায়ের হামজা, মাইকেল ব্রিটজকে, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সিমোন হারমারকে ফিরতে হয়েছে তার গ্লাভসে ধরা পড়ে। চতুর্থ দিনে রায়ান রিকেলটন ও রাবাদাকে স্টাম্পিং করে সেই সংখ্যাকে আটে নিয়ে যান বাংলাদেশের এই উইকেটরক্ষক।

ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন লিটন। ১৭৯ বলে ১৪টি চার ও একটি ছক্কায় করেন ১২০ রান। ষষ্ঠ উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েন ২০৬ রানের জুটি। তাদের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৪০০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষেও বিরল এক কীর্তি গড়েছিলেন লিটন। সেই টেস্টে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরির পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে ৯টি ডিসমিসাল করেছিলেন। টেস্ট ইতিহাসে এমন কীর্তি গড়া প্রথম উইকেটরক্ষক তিনি। ওই পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন।

বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন এখন দেশের টেস্ট ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের মালিক। তার ডিসমিসাল ১৫৪টি। ১১৩টি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম।

 

/এফআইআর/
সম্পর্কিত
জোহানেসবার্গে হার এড়াতে লড়ছে বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে খেলতে গিয়ে চোট, দ্বিতীয় টেস্টে থাকছেন তো বাভুমা?
আবারও ব্যাটিং ধস, কঠিন পরীক্ষায় বাংলাদেশ
সর্বশেষ খবর
লটারিতে ৫ লাখ ডলার জয়, এক বছর পর জানলেন বৃদ্ধ
লটারিতে ৫ লাখ ডলার জয়, এক বছর পর জানলেন বৃদ্ধ
রিটার্ন জমা দেওয়া এখন খুব সহজ
রিটার্ন জমা দেওয়া এখন খুব সহজ
ঢাকায় গড়ে পৌনে ২ লাখ মানুষের জন্য একটি করে গণশৌচাগার
বিশ্ব টয়লেট দিবস ঢাকায় গড়ে পৌনে ২ লাখ মানুষের জন্য একটি করে গণশৌচাগার
একটি শব্দের অপেক্ষায় রোহিঙ্গারা, ফিরতে চান নাগরিক অধিকার নিয়ে
একটি শব্দের অপেক্ষায় রোহিঙ্গারা, ফিরতে চান নাগরিক অধিকার নিয়ে
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা