লিটনের বিদায়ের পর লিড নিয়েছে বাংলাদেশ

আগের দিনের চাপ কাটিয়ে পঞ্চম দিনের সকালে ব্যাট হাতে লড়াইয়ের আভাস দিয়েছিলেন লিটন দাস। দিনের শুরুতে মুখোমুখি হওয়া প্রথম ছয় বলের তিনটিই সীমানাছাড়া করেছিলেন তিনি। কিন্তু সেই ঝলক বেশিক্ষণ স্থায়ী হলো না। কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে ফিরেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার। তার বিদায়ের পর প্রথম টেস্টে আবারও চাপে পড়েছে বাংলাদেশ।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টেস্টের পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ৪২তম ওভারে আউট হন লিটন। ৩৮ বলে ৩৯ রানের ইনিংসে ছয়টি চার মেরেছেন তিনি। রাবাদা ফুল লেংথে বল করে লিটনকে ড্রাইভ করতে প্রলুব্ধ করেন। বলটি সামান্য ভেতরের দিকে সুইং করে ব্যাটের ভেতরের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে।

লিটনের বিদায়ে মুশফিকুর রহিমের সঙ্গে তার গড়া লড়াকু জুটির সমাপ্তি ঘটেছে। আগের দিন পাঁচ উইকেট হারানোর পর মুশফিকের সঙ্গে জুটি বেঁধে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করছিলেন লিটন। প্রথম ইনিংসে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর উইকেটকিপিংয়েও বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এবার দ্বিতীয় ইনিংসেও দলের জন্য গুরুত্বপূর্ণ ৩৯ রান যোগ করলেন।

লিটন ফিরে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৯ রান। মুশফিক ২২ রানে অপরাজিত, তার সঙ্গে ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ (১৩)। বাংলাদেশের লিড ২ রানের। 

চতুর্থ দিন আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যায়। তখন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০০ রান। তার আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫৫৭ রান তুলে ১৫৭ রানের লিড নিয়েছিল।