লর্ডসের ঐতিহাসিক মাঠে আবারও খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ক্রিকেটের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই মাঠে বাংলাদেশের পুরুষ দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ৩ জুন। বৃহস্পতিবার মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ম্যাচটির সূচি ঘোষণা করেছে।
এমসিসির আয়োজনে ইংল্যান্ড সফরে আসবে নেপাল। সেই সফরের অংশ হিসেবেই লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। ২০১০ সালের পর এই প্রথম ঐতিহাসিক মাঠটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। অর্থাৎ, আগামী গ্রীষ্মে লর্ডসে দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নেপালের বিপক্ষে ম্যাচটি বিশেষ হয়ে থাকবে। কারণ, লর্ডসে এর আগে বাংলাদেশের পুরুষ দল কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। টেস্টের পর একই মাঠে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও তাই নতুন মাত্রা যোগ করবে।
তাই উপলক্ষকে বিশেষ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, ‘ক্রিকেটের হোম অব ক্রিকেট লর্ডসে খেলা বাংলাদেশের জন্য সব সময়ই বিশেষ। ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে এই ঐতিহাসিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের অংশ হতে পেরে আমরা আনন্দিত। এই আইকনিক ভেন্যুতে আমাদের পুরুষ দলের এটিই হবে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার পর এই ম্যাচ আগামী গ্রীষ্মকে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে।’
তামিম আরও বলেন, ‘এই ঐতিহাসিক ম্যাচে ক্রিকেটপ্রেমী দুটি দেশ একসঙ্গে মিলিত হবে। বাংলাদেশ ও নেপালের সমর্থকেরা এই আয়োজনের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাবেন। বিশেষ এই ম্যাচ আয়োজনের জন্য এমসিসি ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আন্তরিক ধন্যবাদ জানাই।’
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসনও বাংলাদেশের ফেরার বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের পরপরই এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী গ্রীষ্মে দুটি ম্যাচের জন্যই বাংলাদেশ দলকে আবারও এই মাঠে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’
এই সফরে শুধু বাংলাদেশের বিপক্ষেই নয়, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও খেলবে নেপাল। ১ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ দিয়ে সফর শুরু করবে তারা। ৩ জুন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার পর ৬ জুন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নেপাল। এরপর ৯, ১১ ও ১২ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।