আগ্রাসী পেস বোলিং ফেরাতে ১ লাখ ডলার দিতেও রাজি শোয়েব!

একসময় তার গতির ঝড় সামলাতে হিমশিম খেতেন বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটার। আগ্রাসী বোলিংয়ে প্রতিপক্ষের মনে ভয় ধরানো সেই শোয়েব আখতারই এখন আধুনিক ক্রিকেটের রূপ দেখে হতাশ। তার মতে, গত দুই দশক ধরে আকর্ষণ হারিয়েছে ক্রিকেট। এমনকি নিজের সন্তানদের মধ্যেও খেলাটির প্রতি আগ্রহ কমতে দেখছেন পাকিস্তানের সাবেক এই গতিতারকা।

উইজডেনের পডকাস্ট ‘দ্য স্কুপ’-এ কথা বলতে গিয়ে ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আখতার। তার দাবি, নিয়মের পরিবর্তন এবং নতুন প্রজন্মকে আকৃষ্ট করার মতো ব্যক্তিত্বের অভাবে ক্রিকেট ক্রমেই আবেদন হারাচ্ছে।

আখতারের ভাষায়, ‘খেলাটা মরে যাচ্ছে। গত ২০ বছর ধরেই এর মৃত্যু হচ্ছে।’

আধুনিক ক্রিকেটে ব্যাটারদের সুবিধা বেশি বলে মনে করেন সাবেক এই পেসার। বিশেষ করে ওয়ানডেতে দুটি নতুন বল ব্যবহারের নিয়মে ফাস্ট বোলারদের কার্যকারিতা কমেছে বলে তার মত। এতে বল পুরোনো হওয়ার সুযোগ কমে যায়, ফলে রিভার্স সুইং করানোও কঠিন হয়ে পড়ে।

তবে আখতারের উদ্বেগ কেবল নিয়মকানুনে সীমাবদ্ধ নয়। তার মতে, পাকিস্তান দলে বাবর আজমের মতো জনপ্রিয় ক্রিকেটার থাকলেও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার মতো খেলোয়াড় তৈরি হচ্ছে না। নিজের ছেলের সঙ্গে কথোপকথনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘‘আমার ছেলে আমাকে বলে, ‘বাবা, আমাদের দলে কোনো আগ্রাসনই দেখতে পাই না।’’

খেলোয়াড়ি জীবনের একটি বিতর্কিত অধ্যায় নিয়েও কথা বলেছেন আখতার। রিভার্স সুইং করানোর জন্য বলের অবস্থা পরিবর্তনে বোতলের ছিপি ব্যবহারের কথা স্বীকার করেছেন তিনি। তার দাবি, ইংল্যান্ডে খেলার সময় তাঁরা স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি ব্যবহার করতেন।

২০১৮ সালে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে আখতার ইঙ্গিত দিয়েছেন, এ ধরনের ঘটনা অনেক সময় দলের এক-দুজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; পুরো দলই বিষয়টি সম্পর্কে অবগত থাকতে পারে।

বলের অবস্থা পরিবর্তন নিয়ে অবশ্য নিজেও বিতর্কে জড়িয়েছিলেন আখতার। ২০০৩ সালের মে মাসে শ্রীলঙ্কায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে বলের অবস্থা পরিবর্তনের দায়ে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পাশাপাশি ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানাও করা হয়।

ক্রিকেটে আগ্রাসী ফাস্ট বোলিংয়ের সেই উত্তেজনা ফিরিয়ে আনতে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন আখতার। টেস্ট ক্রিকেটে প্রতি ওভারে চারটি বাউন্সার দেওয়ার সুযোগ চান তিনি। একই সঙ্গে দুটি নতুন বলের পরিবর্তে একটি বল ব্যবহারের নিয়ম ফিরিয়ে আনার পক্ষেও মত দিয়েছেন। তার বিশ্বাস, এতে পেসাররা আরও বেশি কার্যকর হয়ে উঠবেন এবং খেলায় উত্তেজনা বাড়বে।

এমনকি তার প্রস্তাব অনুযায়ী আগ্রাসী ফাস্ট বোলিংকে উৎসাহিত করে কোনো টেস্ট ম্যাচ আয়োজন করা হলে আগাম এক লাখ ডলার দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।