ভুবনেশ্বর কুমার বলেন, 'মুস্তাফিজের সঙ্গে বোলিং করাটা দারুণ অভিজ্ঞতা। আমি তার স্লোয়ার বলগুলাে শেখার চেষ্টা করছি। কিন্তু সে যেভাবে বোলিং করে, তা কেউ করতে পারে না।' এবারের আইপিএলে নিজের সবচেয়ে কিপটে বোলিং করেছেন মুস্তাফিজ বৃহস্পতিবার। শুক্রবার রাতে গুজরাটের বিপক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
ভুবনেশ্বর আরও বলেন, 'ওর (মুস্তাফিজ) বোলিং অ্যাকশন একটু ভিন্ন, স্লোয়ার বল পড়তে পারা খুব কঠিন। সে ড্রেসিংরুমে মজাও করে অনেক সময়। হিন্দি বা ইংরেজি জানে না বলে সেভাবে কথা বলে না। তবে যখন বলে, ক্রিকেট নিয়েই কথা বলে। এমনিতে সে দারুণ। কঠোর পরিশ্রমও করে।'
মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞরাও। মুস্তাফিজ বোলিংয়ে আসার শুরুতেই তাকে ‘ম্যাজিকাল বয় ফ্রম বাংলাদেশ’ বলেছিলেন উইলকিন্স। কিছুক্ষণ পর মুস্তাফিজের বোলিং বৈচিত্রে মুগ্ধ হয়েই এক পর্যায়ে তুলনা করেন সের্গেই বুবকার সঙ্গে। ক্যারিয়ারে পুরুষদের পোল ভল্টে ৩৫ বার বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন টানা ছয়বার বিশ্ব চ্যাম্পিয়শিপ জেতা বুবকা। এর মধ্যে নিজের রেকর্ডই ভেঙেছিলেন ১৪ বার!
/এমআর/