বিবাহোত্তর সংবর্ধনায় ধোনি, দেখা হলো রজনীকান্তের সঙ্গে

ক্রিকেট ও বিনোদন জগতের তারকাদের মিলনমেলা বসেছে চেন্নাইয়ে। সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মালিক কাভিয়া মারান ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের বিবাহোত্তর সংবর্ধনায় হাজির হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেখানে দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের সঙ্গে দেখা হয়েছে তার। চলচ্চিত্র নির্মাতা অ্যাটলির সঙ্গেও কথা বলতে দেখা যায় ধোনিকে।

স্ত্রী সাক্ষীকে নিয়ে কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠানে পৌঁছান ধোনি। তার আগমনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সান নিউজ। চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ককে ঘিরে অতিথিদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।

ধোনির উপস্থিতি ছিল মূল আলোচনার বিষয়। কারণ, আইপিএলে কাভিয়ার দল সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তার। কাভিয়া সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে। তার মালিকানাধীন দল সানরাইজার্স হায়দরাবাদ।

অনুষ্ঠানে ক্রিকেট দুনিয়ার আরও অনেক পরিচিত মুখ হাজির হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন, ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। উইলিয়ামসন একসময় সানরাইজার্সের অধিনায়ক ছিলেন। আর ভেট্টোরি বর্তমানে দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন।

গত ১১ নভেম্বর গ্রিসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন কাভিয়া ও অনিরুদ্ধ। এরপর চেন্নাইয়ে আয়োজন করা হয় বড় পরিসরের বিবাহোত্তর সংবর্ধনা।