জন্ম ভারতের দিল্লিতে। ক্রিকেটের হাতেখড়িও সেখানেই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তার পরিচয় এখন অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসেবে। শনিবার (২১ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নিখিল চৌধুরী। তার অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
বল হাতে চার ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ম্যাচে বোলারদের মধ্যে সবচেয়ে কম খরচে রান দিয়েছেন তিনি। তার শিকার ছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ও স্যাম কারান। ব্রুক ২৮ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে স্যাম হার্পারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নিখিলের বলে। পরে কারানকেও ফিরিয়ে দেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৭ রান করে ইংল্যান্ড, যা মেলবোর্নে তাদের সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর।
জবাব দিতে নেমে চার নম্বরে ব্যাটিংয়ে আসেন নিখিল। তার ব্যাট থেকেই আসে ম্যাচের সর্বোচ্চ ৬৬ রান। মাত্র ৩৮ বলের ইনিংসটি সাজান ছয়টি চার ও দুটি ছক্কায়। অধিনায়ক মিচেল মার্শ ও টিম ডেভিডের সঙ্গে গড়েন কার্যকর দুটি জুটি। ১৮তম ওভারে জেমি ওভারটনের বলে ক্যাচ দিয়ে ফিরলেও ততক্ষণে জয়ের পথ অনেকটাই সহজ করে দিয়েছেন।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দেন জ্যাক এডওয়ার্ডস। ১১ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে শেষ ওভারের পঞ্চম বলে চার মেরে জয় নিশ্চিত করেন তিনি। ৭ উইকেটে ১৯১ রান তুলে মেলবোর্নে সর্বোচ্চ সফল টি-টোয়েন্টি রান তাড়ার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার এই জয়ের নায়ক নিখিলের জন্ম ১৯৯৬ সালের ৪ মে দিল্লিতে। ছোটবেলায় পরিবারের সঙ্গে চলে যান পাঞ্জাবে। ক্রিকেটে শুরুটা ছিল পেস বোলার হিসেবে। অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লির বোলিং অ্যাকশন অনুকরণ করতেন তিনি। তবে কৈশোরে এসে পেস ছেড়ে স্পিন বোলিংয়ে মনোযোগ দেন।
পাঞ্জাবের বয়সভিত্তিক দল পেরিয়ে ২০১৭ সালে হরভজন সিংয়ের অধীনে সিনিয়র ক্রিকেটে অভিষেক হয় তার। একই বছর লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকের সময় সতীর্থ হিসেবে পেয়েছিলেন যুবরাজ সিং ও শুভমান গিলকেও। ২০১৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ট্রায়াল দিলেও আইপিএলে আর সুযোগ পাননি। পরে তার উত্থানটা সিনেমার গল্পকেও হার মানিয়েছে।
২০২০ সালে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে ব্রিসবেনে গিয়েছিলেন নিখিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় সেখানেই আটকে পড়েন। এরপর অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট শুরু করেন নর্দার্ন সাবার্বসের হয়ে। ক্রিকেটের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য কাজ করেছেন মেক্সিকান রেস্তোরাঁয় এবং পার্সেল ডেলিভারির কাজও করেছেন।
তার ক্লাব কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার জেমস হোপসই তাকে হোবার্ট হারিকেনসের নজরে আনেন। ২০২৩ সালের ২০ ডিসেম্বর বিগ ব্যাশ লিগে অভিষেক হয় তার। ২৮ রানে ৪ উইকেট হারানো দলকে বিপদ থেকে টেনে তুলতে ৩১ বলে ৪০ রান করেন তিনি। বিগ ব্যাশে ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে খেলেন নিখিল। এর আগে খেলেছিলেন উন্মুক্ত চাঁদ। তার কাবাডি স্টাইলের উদযাপনও দ্রুত দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
পরে তাসমানিয়ায় চলে যান। ২০২৫-২৬ মৌসুমের শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে করেন সেঞ্চুরি। অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পর ২০২৬ সালের ১৭ জুন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ার মাটিতে নিখিলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।