বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০

বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার মার্কেস অ্যাকারম্যান। জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নেও সেঞ্চুরি তুলে নিয়ে টানা দুই টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। মঙ্গলবার সকালে বাংলাদেশের পেসারদের শাসন করে দ্রুতগতিতে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৫০ রান করে শরিফুল ইসলামের বলে আউট হয়েছেন অ্যাকারম্যান।

তার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম দেড়শ রানের রেকর্ড গড়েন তিনি। গত সপ্তাহে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ১৫৭ রান করেছিলেন অ্যাকারম্যান। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয় পেয়েছিল।

সেঞ্চুরিয়নে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের হয়ে আরেকটি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। তার বলে মাহফিজুল ইসলাম রবিনের হাতে ক্যাচ দিয়ে ২৭ রান করে ফিরেছেন জুবাইর হামজা।

এর আগে সোমবার প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেঞ্চুরিয়নের মাঠে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। জবাবে অ্যাকারম্যানের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় লিডের পথে এগোচ্ছে স্বাগতিকরা। লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩ উইকেটে ২২৮ রান। 

এই সেশনে ২৯ ওভারে ১৪০ রান যোগ করে স্বাগতিক দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের স্কোর ছিল ৩ উইকেটে ২৪৬ রান। তাদের লিড ১৫৫ রানের। ১৫ রানে ব্যাট করছেন টনি ডি জর্জি। ১৪ রানে ব্যাট করছেন ব্রিটজকে।