এবার ১০০ কোটির পথে শচীনের ব্র্যান্ড!

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বিনিয়োগ ও সম্পৃক্ততায় গড়ে ওঠা খেলাধুলা বা ব্যায়ামের উপযোগী পণ্যের ব্র্যান্ড ‘টেন এক্স ইউ’ প্রথম বছরেই এক লাখ ক্রেতার মাইলফলক ছুঁয়েছে। এবার আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে ১০০ কোটি রুপি অর্জনের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের অক্টোবরে যাত্রা শুরু করা ব্র্যান্ডটির বর্তমান পণ্য বিক্রির মোট মূল্য প্রায় ৭৫ কোটি রুপি।

শচীন টেন্ডুলকার, কার্তিক গুরুমূর্তি ও করণ অরোরার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা গুরুমূর্তি সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া সাক্ষাৎকারে লক্ষ্যের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের জিএমভি প্রায় ৭৫ কোটি রুপি। ভারতে ক্রিকেটের মৌসুম অক্টোবর থেকে শুরু হয়ে আইপিএল পর্যন্ত, অর্থাৎ মে মাস পর্যন্ত চলে। সামনের চার থেকে পাঁচ মাসের মধ্যে আমরা ১০০ কোটি রুপির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এগোচ্ছি।’

শুরুতে ক্রিকেটের জুতা নিয়ে ব্যবসা গড়ে তুললেও এখন দৌড়ানোর উপযোগী জুতা ও পোশাকের বাজারেও নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি। গুরুমূর্তির দেওয়া তথ্য অনুযায়ী, ব্র্যান্ডটির মোট ব্যবসার প্রায় ৪৫ শতাংশ আসে ক্রিকেট পণ্য থেকে। দৌড়ানোর সামগ্রী থেকে আসে প্রায় ৩০ শতাংশ এবং পোশাক থেকে ১৫ শতাংশ।

ক্রিকেটের জন্য তৈরি বিশেষ জুতার চাহিদা নিয়েও সন্তুষ্ট প্রতিষ্ঠানটি। গুরুমূর্তি বলেন, ‘ক্লাব পর্যায়ের ক্রিকেটারদের কথা মাথায় রেখে তৈরি আমাদের অলরাউন্ডার ক্রিকেট জুতা বেশ ভালো সাড়া পেয়েছে। ভারতের বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে এরই মধ্যে ৫০ হাজার জোড়া জুতা বিক্রি করেছি।’

ব্র্যান্ডটির ক্রিকেট জুতার দাম রাখা হয়েছে তিন হাজার থেকে সাত হাজার রুপির মধ্যে। প্রতিষ্ঠানটির ধারণা, এই দামের পরিসরে প্রতিষ্ঠিত প্রতিযোগী তুলনামূলক কম। আরও বেশি ক্রেতার কাছে পৌঁছাতে তিন হাজার রুপির নিচে দামের পণ্য বাজারে আনার পরিকল্পনাও রয়েছে তাদের।

আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের দীর্ঘ অভিজ্ঞতা ব্র্যান্ডটির পণ্য তৈরির দর্শনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতীয় খেলোয়াড়দের চাহিদা ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্রীড়াসামগ্রী তৈরি করাই তাদের লক্ষ্য। সামনে খুচরা বিক্রির পরিসর বাড়ানোর পাশাপাশি জুতা ও পোশাকের পণ্যের বৈচিত্র্যও বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।