কামিন্সকে সরাতে চাননি খাজা, তবে তার আচরণে হতাশ

‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন উসমান খাজা। তবে অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার স্পষ্ট করেছেন, প্যাট কামিন্সকে অধিনায়কত্ব থেকে সরানো উদ্দেশ্য তার ছিল না। বরং ২০১৮ সালের বল টেম্পারিং-কাণ্ডে কামিন্সের অস্বীকারের ধরনেই হতাশ হয়েছেন তিনি।

চলতি মাসে প্রকাশিত আত্মজীবনীতে খাজা দাবি করেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে ২০১৮ সালের টেস্টে বলের আকৃতি পরিবর্তনের পরিকল্পনার কথা দলের সবাই জানতেন। অথচ ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তখনকার অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও স্যান্ডপেপার ব্যবহার করা ক্যামেরন ব্যানক্রফটকেই দায়ী করা হয়েছিল।

খাজার এই দাবি নতুন করে বিতর্ক তৈরি করলে সংবাদ সম্মেলনে নিজের সংশ্লিষ্টতা জোরালোভাবে অস্বীকার করেন কামিন্স। এরপর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও ক্রিকেট অস্ট্রেলিয়া তার প্রতি সর্বসম্মত সমর্থন জানায়।

‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে খাজা বলেন, ‘আমি সব সময়ই চেয়েছি প্যাট অধিনায়ক থাকুক। বিষয়টি কখনোই প্যাট বা তার অধিনায়কত্ব হারানো নিয়ে ছিল না।’

খাজা জানান, চলতি মাসে কামিন্সের সংবাদ সম্মেলনের আগে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। দুই পক্ষের মধ্যে সমঝোতার পথ খুঁজে বের করা এবং দলীয়ভাবে দায় স্বীকারের বিষয়ে একমত হওয়ার আশা ছিল তার। কিন্তু কামিন্স বল টেম্পারিংয়ের পরিকল্পনায় নিজের সম্পৃক্ততার কথা সরাসরি অস্বীকার করেন।

উল্টো আট বছর আগের ঘটনা নিয়ে এত দিন পর দাবি তোলায় খাজাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আক্রমণ করেন কামিন্স। 

কামিন্সের এমন প্রতিক্রিয়ায় বিস্মিত খাজা। তার ভাষায়, ‘এটা সত্যিই আমাকে অবাক করেছে। আমি কখনোই ভাবিনি, সে এভাবে ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করবে। আমার বক্তব্যের সমালোচনা করতেই পারে। কিন্তু ব্যক্তিগতভাবে যেভাবে করেছে, বারবার যেভাবে আক্রমণ করেছে, প্যাটের এমন দিক আমি আগে কখনো দেখিনি। এটা আমাকে হতাশ করেছে।’

খাজার বক্তব্যকে সমর্থন দিয়েছেন ওয়ার্নার ও ব্যানক্রফটও। পডকাস্টে নিজের অবস্থানে অনড় থেকে খাজা বলেন, ‘আমি সত্য কথাই বলেছি। এ থেকে পালিয়ে বেড়াবো না। এখন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি।’

ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য নতুন করে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়নি। তবে ২০১৮ সালের ঘটনা নিয়ে খেলোয়াড়দের অভিজ্ঞতা ভাগাভাগির জন্য একটি ফোরাম করার সিদ্ধান্ত নিয়েছে। 

খাজা জানান, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের কাছে একটি যৌথ বিবৃতির প্রস্তাব দিয়েছিলেন তিনি। তার আশা ছিল, এতে দুই পক্ষের বিরোধ মেটানোর একটি পথ তৈরি হবে। প্রস্তাবিত বিবৃতিতে বলা হয়েছিল, বলের আকৃতি কৃত্রিমভাবে পরিবর্তনের বিষয়ে দলের সবাই অবগত ছিল-এ দায় সম্মিলিতভাবে স্বীকার করতে হবে। তবে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল কি না, সেটি আলাদা বিষয়।

পডকাস্টে প্রস্তাবিত বিবৃতিটি পড়ে শোনান খাজা। সেখানে বলা হয়, ‘আমরা দল হিসেবে স্বীকার করছি ও মেনে নিচ্ছি, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল কৃত্রিমভাবে পরিবর্তনের মাধ্যমে বল টেম্পারিং করা হচ্ছে, তা আমরা জানতাম। সেটি স্যান্ডপেপার দিয়ে হোক কিংবা অন্য কোনো উপায়ে, তা এখানে প্রাসঙ্গিক নয়। আমরা জানতাম কী করছি এবং দল ও স্কোয়াড হিসেবে নিজেদের কর্মকাণ্ডের পুরো দায় নিচ্ছি। আট বছর আগেই আমাদের এমনটা করা উচিত ছিল।’

গ্রিনবার্গের প্রতিক্রিয়া জানতে চাইলে খাজা জানান, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী তাকে বলেছিলেন, ‘এটা গ্রহণযোগ্য হবে কি না, আমি নিশ্চিত নই।’