সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। আগের দিন ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। ফলে প্রথম ইনিংসে ৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। বুধবার লাঞ্চ বিরতির আগে ৩ উইকেটে ১০৯ রান তুলেছে সফরকারীরা।
লাঞ্চে ৫৩ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাওহীদ হৃদয় অপরাজিত ছিলেন ১৮ বলে ২৩ রান নিয়ে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন হৃদয়।
ভালো শুরু পেয়েও প্রথম সেশনে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম শুরুতে কিছুটা ধুঁকলেও ১৪ ওভার টিকে থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি গড়েন। তাদের ৫৮ রানের জুটি ছাড়িয়ে গেছে ২০০২ সালে পচেফস্ট্রুমে আল শাহরিয়ার ও হান্নান সরকারের ৫২ রানের জুটিকে।
তবে ভিয়ান মুল্ডার এই জুটি ভাঙেন। শরীর থেকে দূরে খেলার চেষ্টা করতে গেলে ব্যাটের কানায় লেগে সেটি চলে যায় উইকেটকিপার রায়ান রিকেলটনের হাতে। ৪৮ বলে ২৯ রান করে ফেরেন এই ওপেনার।
পরের ওভারেই আবার আঘাত হানেন মুল্ডার। এবার তার শিকার মুমিনুল হক। লেগ সাইডে করা বল ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের হাতে জমা পড়ে। কোনো রান না করেই ফিরেছেন মুমিনুল। এই সফরে এটি তার দ্বিতীয় ডাক। চার ইনিংসে বাঁহাতি ব্যাটারের সংগ্রহ মাত্র ১৯ রান।
অন্যদিকে ভাগ্যের সহায়তা পেয়েও শেষ পর্যন্ত টিকতে পারেননি মাহফিজুল। ২১ ও ২৩ রানে দুবার সুযোগ দিয়েও বেঁচে যান তিনি। তবে মার্কো ইয়ানসেনের ভেতরে ঢোকা বল ছেড়ে দিয়ে বিপদ ডেকে আনেন এই ওপেনার। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিলেও বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি স্টাম্পে আঘাত করতো। ৬২ বলে ৩৮ রান করে ফিরতে হয় তাকে।
অভিষেক টেস্ট ইনিংসে গোল্ডেন ডাকের পর তিনবার ২০ রানের ঘর পেরিয়েছেন মাহফিজুল। তবে এখনো প্রথম টেস্ট অর্ধশতকের দেখা পাননি তিনি।
এর আগে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপর মার্কেস অ্যাকারম্যান ও ভিয়ান মুল্ডারের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা।