‘মোস্তাফিজ বেশ মজার মানুষ’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবির পর বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশও ভালো নেই। এমন পরিস্থিতিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান দলে প্রাণ ফিরিয়ে আনতে পারেন বলে মনে করছেন প্রধান কোচ ফিল সিমন্স। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানে হারের আগে ওয়ান্ডারার্সে প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছিল সফরকারীরা। প্রথম ম্যাচটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এবার তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সাদা বলের সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। আগামী ১ ডিসেম্বর শুরু হবে এই সিরিজ। তাতে পেস বোলিং ইউনিটকে মোস্তাফিজ সামনে থেকে নেতৃত্ব দেবেন- এমন প্রত্যাশাও সিমন্সের। তিনি বলেছেন, ‘আমাদের দলে কয়েকজন নতুন খেলোয়াড় আসছে। আমি নিশ্চিত, তারা পুরো পরিবেশটা প্রাণবন্ত করে তুলবে। আমাদের সঙ্গে আছে অভিজ্ঞ; না, তাকে অভিজ্ঞ বলতে চাই না, সিনিয়র পেশাদার মোস্তাফিজ। আশা করি, সে দলের মধ্যে নেতৃত্ব ও আনন্দের পরিবেশ ফিরিয়ে আনবে।’

মোস্তাফিজের প্রাণবন্ত স্বভাবের কথাও তুলে ধরেছেন কোচ। তার ভাষায়, ‘সে বেশ মজার মানুষ। দলের সবার সঙ্গে থাকে, হাসি-ঠাট্টা করে আমাদের হাসায়। আশা করি, দলকে আবার সেই জায়গায় ফিরিয়ে আনবে, যেখানে আমরা থাকতে চাই।’

টেস্ট সিরিজে দলের ব্যাটিং পারফরম্যান্সে হতাশ সিমন্স। তার মতে, ব্যাটিংয়ে প্রত্যাশিত দৃঢ়তার অভাব ছিল। পাশাপাশি ক্যাচ ছাড়ার মাশুলও দিতে হয়েছে বাংলাদেশকে।

সিমন্স বলেন, ‘হতাশাজনক বললে আসলে যথেষ্ট বলা হয় না। এর চেয়ে বড় কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। আমাদের ব্যাটিংয়ে গর্বের জায়গাটা ছিল না, এটাই হতাশার।’