অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের সাফল্য আত্মবিশ্বাস জুগিয়েছিল বাংলাদেশকে। সেই আত্মবিশ্বাস নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরে এসেছিল দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হারলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে অন্তত একটি টেস্ট জয়ের আশা ছিল তাদের। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে না পারাই তাদের জয়ের স্বপ্নে বড় আঘাত করেছে।
দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিংয়ের ব্যর্থতা, কার্যকর বোলিং করতে না পারা এবং ফিল্ডিংয়ে ভুলকে সিরিজ হারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন শান্ত।
প্রথম টেস্টে প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রান করেও ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে সেই পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারেনি তারা। সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হারের পর শান্ত বলেছেন, চ্যালেঞ্জ সম্পর্কে আগে থেকেই ধারণা থাকলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি ব্যাটিং ইউনিট।
শান্ত বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে যত দ্রুত সম্ভব এই কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা সেটা পারিনি। বিশেষ করে ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি।’
ওয়ান্ডারার্সে প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টাও যে সহজ ছিল না, তা স্বীকার করেছেন অধিনায়ক। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।
শান্তর ভাষায়, ‘এটা কঠিন, তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা উচিত ছিল।’
কিন্তু প্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং কিংবা বোলিং কোনও বিভাগেই প্রয়োজনীয় মানে খেলতে পারেনি বলে স্বীকার করেছেন শান্ত। তিনি বলেন, ‘আমরা ভালো শুরু করতে পারিনি। বোলিংয়েও ভালো করতে পারিনি। এ কারণেই ম্যাচটি হেরেছি।’
সফরটা হতাশায় শেষ হলেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বিশেষ করে মাত্র চারটি টেস্ট খেলা তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ শান্ত। তিনি বলেন, ‘ও যেভাবে ব্যাটিং করেছে, সেটা দেখতে সত্যিই ভালো লেগেছে।’
ভবিষ্যতে দেশের বাইরে ভালো করতে হলে আরও কয়েকটি জায়গায় উন্নতির প্রয়োজন বলে মনে করেন শান্ত। ক্যাচ নেওয়া এবং টপ অর্ডার ব্যাটারদের ইনিংসের শুরুটা ভালো করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শান্তর কথায়, ‘উন্নতির অনেক জায়গা আছে। যেমন ক্যাচিং, আবার টপ অর্ডার ব্যাটার হিসেবে আমাদের ইনিংসের শুরুটা কীভাবে করছি, সেটাও। অনেক জায়গাতেই আমাদের উন্নতি করতে হবে।’