আইপিএল নিলাম থেকে কেন সরে দাঁড়ালেন মোস্তাফিজ

আইপিএলে খেলার অভিজ্ঞতা কম নয় মোস্তাফিজুর রহমানের। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। গত মৌসুমেও তাকে নিয়ে কম আলোচনা হয়নি। তবে এবার আইপিএলের মিনি নিলামে নাম নিবন্ধনই করেননি মোস্তাফিজ। কেন এমন সিদ্ধান্ত, তার কারণ জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন অনুযায়ী, গত মৌসুমের তিক্ত অভিজ্ঞতা এখনও ভুলতে পারেননি মোস্তাফিজ। নিলামে নাম লিখিয়ে দল না পাওয়ার আশঙ্কা এবং দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ার ভয় থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মোস্তাফিজের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতবারের ঘটনার ক্ষত এখনও তার মনে রয়ে গেছে। নিলামে অবিক্রীত থাকলে বাংলাদেশের সমর্থকদের একাংশ তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে পারেন। এমনকি তাকে অর্থের প্রতি অতিরিক্ত আগ্রহী বলেও সমালোচনা করা হতে পারে। এসব বিবেচনায় এবার নিলাম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই পেসার।

গত মৌসুমের নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে পরে তাকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে নেওয়া ওই সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।

এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।

আইপিএলে এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন তিনি। আইপিএলে ৬০ ম্যাচে তার শিকার ৬৫ উইকেট।

আইপিএল থেকে সরে দাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততা থাকছে মুস্তাফিজের। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পরের মৌসুমেও খেলার সম্ভাবনা রয়েছে তার। লাহোর কালান্দার্সের হয়ে আগে খেলেছেন এই বাঁহাতি পেসার।

এদিকে বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন মোস্তাফিজ। প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগেও খেলার কথা রয়েছে তার। মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশের এই পেসার।