পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে মাত্র ৮ জন ক্রিকেটার, কেন

পাকিস্তান নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা ছোট করে এনেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৬-২৭ মৌসুমের জন্য এবার মাত্র আট জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে তারা। আগের মৌসুমে এই সংখ্যা ছিল ২০। অর্থাৎ এক ধাক্কায় ১২ জন ক্রিকেটার কমিয়েছে পিসিবি।

শুক্রবার (২৭ নভেম্বর) নতুন চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। এতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন অধিনায়ক ফাতিমা সানা ও বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল।

‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন মুনিবা আলী সিদ্দিকী, নাশরা সান্ধু ও সিদরা আমিন। আর ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আয়েশা জাফর, গুল ফিরোজা ও সাদাফ শামাস। নতুন চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

আগের চুক্তিতে থাকা ২০ জনের মধ্যে এবার বাদ পড়েছেন ১৩ জন। তাদের মধ্যে রয়েছেন আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, রামিন শামিম, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সিদরা নওয়াজ, আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার। বাদ পড়েছেন উদীয়মান ক্রিকেটার ইমান ফাতিমা ও শাওয়াল জুলফিকারও।

নতুন কাঠামোয় ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরি বাতিল করেছে পিসিবি। বিশেষ করে গত বছর তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে চালু করা হয়েছিল ‘ই’ ক্যাটাগরি। এবার সেই ক্যাটাগরিতে থাকা দুজনের কেউই চুক্তিতে জায়গা পাননি।

পিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স, ফিটনেস ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে চুক্তির তালিকা তৈরি করা হয়েছে। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়মিত ফিটনেস পরীক্ষার মধ্য দিয়েও যেতে হবে।

উল্লেখ্য, গত এক বছরে পাকিস্তান নারী দলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় কেন্দ্রীয় চুক্তিতে এমন বড় পরিবর্তন এনেছে বোর্ড।