মুস্তাফিজুর রহমান নিজে বাংলা ছাড়া অন্য কোনও ভাষা বলতে পারেন না। কিন্তু তাতে কী? বল হাতে সা্নরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে আছেন তিনি। আর সে কারণেই কিনা দলের গুরুত্বপূর্ণ এই পেসারের সঙ্গে ভাব বিনিময় করতে বাংলা শিখছেন দলের কোচ টম মুডি, মেন্টর ভিভিএস লক্ষ্মন ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
ভারতীয় কিংবদন্তী ভিভিএস লক্ষ্মণ টুইট করেছেন, মুস্তাফিজকে পেয়ে সানরাইজার্স আনন্দিত। ও 'উজ্জ্বল ও আমুদে'। তা-ই নয় কি?’ লক্ষ্মণের টুইটে উজ্জ্বল ও আমুদে শব্দ দুটি লেখা হয়েছে বাংলায়।
লক্ষ্মণের প্রশ্নের উত্তরটাও বাংলায় দেওয়ার চেষ্টা করলেন কোচ টম মুডি। তবে গুগল ট্রান্সলেটরের সাহায্য নিয়ে। কোনও কারণে সেটা বাংলায় অনুবাদ না হয়ে তার টুইট হয়ে গেছে বাংলা অক্ষরে ইংরেজি। মুডি টুইট করেছেন, নিঃসন্দেহে ভিভিএস। ও 'বন্দের্ফুল্লি ফানি এন্ড তালেন্তেদ ইউং মান।' মুডি সম্ভবত লিখতে চেয়েছিয়েন 'ওয়ান্ডারফুল ফানি অ্যান্ড ট্যালেন্টেড ইয়াং ম্যান।'
সানরাইজার্স অধিনায়ক টুইট করেছেন, ফিজের জন্য আমি গুগলে ট্রান্সলেশন ব্যবহার করছিলাম। দেখছিলাম কীভাবে বাংলা বলতে পারি।
/এমআর/