বিকেএসপিতে টসে জিতে সিসিএস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দলের সিনিয়র খেলোয়াড়রা সবাই ব্যর্থ হন রান তুলতে। সম্প্রতি যুব দলে খেলে আসা ৬ জন ক্রিকেটার রয়েছে সিসিএসে। তাদের মধ্যে তিন ক্রিকেটারই প্রায় সবটুকু সংগ্রহ করেছেন।
দলের হয়ে সর্বোচ্চ রান আসে পিনাক ঘোষের ব্যাট থেকে। তিনি ৫৫ বলে ৩৫ রান করেন। এছাড়া সাঈদ সরকার ৩৪, মোহাম্মদ সাইফউদ্দিন ৩১ রান করেন। তরুণ এই তিন ব্যাটসম্যানের ছোট ছোট ইনিংসে ৪৯.২ ওভারে ১৭৭ রানে অল-আউট হয় ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। প্রাইম দোলেশ্বরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন আল আমিন হোসেন ও রেজাউল করিম।
আরও পড়ুন: গায়কের ভূমিকায় মাশরাফি-তাসকিন
১৭৮ রানের জবাবে খেলতে নেমে ইমিতিয়াজ হোসেনের সেঞ্চুরি (১০০) ও রনি তালুকদারের ৪৭ রানের ওপর ভর করে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর। ২৮ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় তারা। তিন নম্বরে নেমে রকিবুল হাসান ২৭ রানে অপরাজিত থাকেন।
ইমতিয়াজ ১৪০ বলে ১২টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজিয়েছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি এটি। শুক্রবার সকালেই প্রিমিয়ার লিগ অভিষেকে সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ রান করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলা এই ব্যাটসম্যান। সিসিএসের বোলারদের মধ্যে সাইফ হাসান ও সাইফউদ্দিন একটি করে উইকেট নিয়েছেন।
/আরআই/এমআর/