জিতেই চলেছে সাকিবের কলকাতা

240913.3সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের জয়রথ চলছেই। আইপিএলের এবারের আসরে এ পর্যন্ত পাঁচটি ম্যাচের চারটিতে জয় পেয়েছে কলকাতা। রবিবারও পুনের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে শাহরুখ খানের দল।

এদিন তিন ওভারে মাত্র ১৪ রান দিলেন সাকিব আল হাসান। উইকেট নিলেন ১টি। শুরুতেই কেকেআরকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তিনি। তবুও আরও একটি ওভার করতে দেওয়া হলো না তাকে। তবে ঘুরিয়ে-ফিরিয়ে ৭জন বোলার ব্যবহার করলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। ব্যাট হাতেও দলকে জেতানোর সুযোগ পান চার নম্বরে নামা সাকিব। তবে ৯ বলে ৩ রান করে ব্যাট হাতে ব্যর্থ সাকিব।

ব্যাট করতে নামার পর শুরু থেকেই আজিঙ্কা রাহানে মারমুখি ব্যাটিং শুরু করেন। তবে চতুর্থ ওভারে সাকিব আল হাসান এসেই ডু প্লেসিসকে আউট করে প্রথম ব্রেক থ্রু এনে দেন কেকেআরকে। তবে রাহানে এবং স্টিভেন স্মিথ ৫৬ রানের জুটি গড়ে পুনেকে বড় স্কোরের ভিত গড়ে দেয়। ২৮ বলে ৩১ রান করে রানআউট হয়ে যান স্মিথ। ৫২ বলে ৬৭ রান করেন রাহানে। ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কা মারেন তিনি।

থিসারা পেরেরা করেন ১২ রান, ১৬ রান করেন অ্যালবি মর্কেল, ১২ বলে ২৩ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে পুনে।

১৬১ রানের টার্গেটে খেলতে নেমে রানের খাতা না খুলে সাজঘরে ফেরেন রবিন উত্থাপা। দলীয় ৩১ রানে ফিরেন যান গম্ভীরও। ব্যক্তিগত ৩ ও দলীয় ৬০ রানে ভাটিয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব। তবে সুরেশ যাদবের ৪৯ বলে ৬০ ও ইউসুফ পাঠানের ২৭ বলে ৩৬ রানে ঘুরে দাঁড়ায় কলকাতা। তবে এ দুজন আউট হলে শঙ্কায় পড়ে নাইটরা। শেষ দিকে রাসেলের ১৭, সতীশের ১০ ও উমেশ যাদবের ৭ রানে ৩ বল হাতে রেখে ২ উইকেটের জয় তুলে নেয় নাইট রাইডার্স।

/এমআর/