ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ

প্রথম রাউন্ডে সফল কেবল মুশফিক

প্রথম রাউন্ডে সফল কেবল মুশফিকওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে রবিবার। মঙ্গলবার থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডে সবার নজর ছিল আইকন ক্রিকেটাররা কে কেমন করে তার দিকে। কিন্তু প্রথম রাউন্ড শেষে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ছাড়া সবাই হতাশ করেছেন ক্রিকেট ভক্তদের!
মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিম রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে ব্যাট হাতে ৮০ বলে করেছেন ৭২ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ টি-টোয়েন্টিতে মুশফিক নিজেকে মেলে ধরতে পারেননি। তবে ওয়ানডে ফরম্যাটে ঠিকই নিজেকে চিরচেনা রূপে ফিরিয়ে নিয়ে আসলেন। তার দায়িত্বশীল ইনিংসে মোহামেডান জয় দিয়ে লিগ শুরু করতে পেরেছে।
লিগের প্রথম ম্যাচে কলাবাগানের বিপক্ষে একই মাঠে তামিম ব্যর্থ হয়েছেন। ১৫ বলে ৭ রান করে রান আউটের শিকার হয়েছেন তামিম। এছাড়া ব্রাদার্স ইউনিয়নের ওপেনার ইমরুল কায়েস ৩ বল খেলে রানের খাতা না খুলেই সাজঘরের পথ ধরেছেন।

প্রাইম ব্যাংকের সাব্বির রহমান শুরুটা ভালো করলেও বড় স্কোর গড়তে ব্যর্থ। ডানহাতি এ ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ৩১ রান।

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে প্রথম ম্যাচে জয়ের স্বাদ দিলেও মাহমুদউল্লাহ ব্যাটিংয়ের সুযোগ খুব একটা পাননি। জাতীয় দলের নির্ভরযোগ্য এই অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ২৫ বলে ২১ রানে অপরাজিত ছিলেন। এছাড়া বল হাতে নিয়েছেন ২ উইকেট। 

অন্যদিকে জাতীয় দলের সীমিত পরিসরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাট হাতে ৬ বলে করেছেন মাত্র ১ রান। আর বল হাতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

/আরআই/এফআইআর/