চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের হার চান মেসি

মেসিউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকোর কাছে হেরে লিওনেল মেসির বার্সেলোনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভঙ্গ হয়েছে। তবুও ২৮ মে-র ফাইনালে সেই অ্যাটলেটিকোকেই সমর্থন জানিয়েছেন মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল শিরোপা জিতুক সেটি চান না এই আর্জেন্টাইন সুপারস্টার!
ডিয়েগো সিমিওনের দল রিয়াল মাদ্রিদকে ফাইনালে হারাতে পারবে বলে আশাবাদী বার্সা সুপারস্টার। সোমবার ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আসলে এটি তো পরিষ্কার যে বার্সেলোনার সমর্থকরা কখনোই চায় না রিয়াল মাদ্রিদ কোনও শিরোপা জিতুক।’
২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবার তার উল্টোটা হলেই খুশি হবেন কিং লিও। তিনি বলেন, 'অ্যাটলেটিকো মাদ্রিদ যদি ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারাতে পারে, তবে বার্সা দারুণ খুশি হবে। অ্যাটলেটিকো যেটি করে এসেছে সেটি এক কথায় দুর্দান্ত। ফাইনালে জয়টা (রিয়ালের জন্য) সহজ হবে না।'

/এমআর/