বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা, নতুন মুখ তুর্য্য

আগামী ২ জুন তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফ ম্যাচ খেলার জন্য আজ শনিবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে ভবনে এ স্কোয়াড উপস্থাপন করেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। দলে চমক হিসেবে আছেন ফরোয়ার্ড সৈয়দ রাশেদ তুর্য্য। প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামবেন তিনি।

পেশাদার লিগে খেললেও বেঞ্চেই বসে থাকতে হয়েছে তুর্য্যকে। এবার রহমতগঞ্জের হয়ে বদলি হিসেবে নেমে গোলও করেছেন একটি। সেই স্ট্রাইকার সৈয়দ রাশেদ তুর্য্যই জাতীয় দলের কোচ ডি ক্রুইফের পছন্দের তালিকায়।

গত ১০ মে ৩৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাফুফে। ক্রুইফ দায়িত্ব নেওয়ার পর কিছুদিন অনুশীলন করার পর বাদ পড়েন পাঁচজন। এরা হলেন- রহমতগঞ্জের দুই ফরোয়ার্ড নুরুল আবসার, মান্নাফ রাব্বি, চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার কৌশিক বড়ুয়া, উত্তর বারিধারার মিডফিল্ডার খালেকুজ্জামান সবুজ ও বিজেএমসির উইঙ্গার সৈকত মাহমুদ।

আজ যারা বাদ পড়েছেন এরা হলেন, গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল, ডিফেন্ডার শাকিল আহমেদ, মোহাম্মদ লিঙ্কন, কেষ্ট কুমার বোস, মিডফিল্ডার শাহেদুল আলম জুনিয়র।

ডি ক্রুইফ বলেন, 'আমি তাজিকিস্তানের বিপক্ষে যা যা করণীয় তার ওপর ভিত্তি করেই দল চূড়ান্ত করেছি। আমি আত্মবিশ্বাসী বাংলাদেশ তাজিকিস্তানের বিপক্ষে ভালো ফুটবল খেলবে।' বাংলাদেশ আগামীকাল রবিবার তাজিকিস্তানের উদ্দেশে যাত্রা করবে।

বাংলাদেশ দল:

গোলরক্ষক: রাসেল মাহমুদ লিটন, শহীদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্ডার: রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, তপু বর্মণ, নাসিরুল ইসলাম, ইয়ামিন মুন্না, মামুন মিয়া, আরিফুল ইসলাম, রেজাউল করিম, ওয়ালী ফয়সাল।

মিডফিল্ডার: ফয়সাল মাহমুদ, জামাল ভূঁইয়া, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম সিনিয়র, মাসুক মিয়া জনি, ইমন মাহমুদ ও মামুনুল ইসলাম।

ফরোয়ার্ড: জুয়েল রানা, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন, সৈয়দ রাশেদ তূর্য্য।

/আরএম/এমআর/