স্টেডিয়ামের উন্নয়নে অর্থ বরাদ্দের পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছে বাফুফে

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে দেশব্যাপী বিদ্যমান জেলা স্টেডিয়ামসহ সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের অর্থ বরাদ্দের পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এ প্রসঙ্গে বলেন, ‘দেশব্যাপী ফুটবল জাগরণের জন্য আমরা বাংলাদেশ সুপার লিগ চালু করার উদ্যোগ নিয়েছি। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগও ঢাকার বাইরে বিভিন্ন স্টেডিয়ামে আয়োজনের কথা বারবার বলে আসছিলাম। কিন্তু সমস্যা হলো অনেক স্টেডিয়ামেই নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। জাতীয় ক্রীড়া পরিষদ ও সরকারের সক্রিয় সহযোগিতা ছাড়া বাফুফের পক্ষে  স্টেডিয়ামগুলোর সংস্কার কার্যক্রম হাতে নেওয়া সম্ভব না। তাই আমরা আশা করি সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো এবং দ্রুত স্টেডিয়ামগুলোর সংস্কার কার্যক্রম হাতে নেবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক 'বাংলাদেশ সুপার লিগ'-এর খেলা বিভিন্ন জেলায় ছড়িয়ে দিতে সারা দেশে মোট ১০টি স্টেডিয়াম সংস্কার করতে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতি আহ্বান জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্টেডিয়ামগুলো হলো- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়াম (চট্টগ্রাম), সিলেট জেলা স্টেডিয়াম, রংপুর জেলা স্টেডিয়াম, মুক্তিযুদ্ধ জেলা স্টেডিয়াম (রাজশাহী), ময়মনসিংহ জেলা স্টেডিয়াম, বরিশাল জেলা স্টেডিয়াম, খুলনা জেলা স্টেডিয়াম, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম (কমলাপুর স্টেডিয়াম)।

উল্লেখ্য, খেলার উপযোগী মাঠ প্রস্তুত না হওয়ায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লিগের (বিএসএল) কার্যক্রম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সরকার মাঠের নিশ্চয়তা না দিতে পারায় টুর্নামেন্টের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।

/আরএম/এফআইআর/