চলে গেলেন স্টিফেন কেশি

স্টিফেন কেশিনাইজেরিয়ার সাবেক কোচ ও খেলোয়াড় স্টিফেন কেশি মারা গেছেন। তার পারিবারিক সূত্র জানিয়েছে, হঠাৎ হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে কেশির মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

আফ্রিকার ফুটবলের সবচেয়ে পরিচিত মুখের একজন কেশি। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায় তিনি আফ্রিকান কাপ অব নেশন্স জিতেছিলেন। খেলোয়াড়ি জীবনে ১৯৯৪ সালে নাইজেরিয়া দলের সঙ্গে আফ্রিকান নেশন্স কাপ জেতেন কেশি। এরপর কোচ হিসেবে সুপার ঈগলদের আফ্রিকান নেশন্স কাপ জিতিয়েছেন ২০১৩ সালে।

খেলোয়াড়ি জীবনে তিনি ডিফেন্ডার হিসেবে ৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এরপর কোচিং পেশায়ও সফলতার সাক্ষর রাখেন তিনি।

২০১১ সালে নাইজেরিয়ার জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নেন কেশি। তার অধীনে ২০১৩ আসরের আফ্রিকান নেশনস কাপে বুরকিনা ফাসোকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা উল্লাসে মাতে নাইজেরিয়ানরা। ওই বছরই আফ্রিকার বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ড জেতেন কেশি। গত বছরের জুলাইয়ে তিনি কোচের পদ থেকে সরে দাঁড়ান।

/এমআর/