উদ্বোধনী ম্যাচে ড্র করলো মোহামেডান

উদ্বোধনী ম্যাচে ড্র করলো মোহামেডান ওয়ালটন ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা।
আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়ে একপর্যায়ে লিড নিয়েছিল সাদা-কালো শিবির। কিন্তু দুই অর্ধে কঙ্গোলিজ ফরোয়ার্ড সিয়ো জুনাপিয়োর দুটি গোল পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে মোহামেডানকে।
এদিন জ্যৈষ্ঠের প্রচণ্ড খরতাপের জ্বালাটা মোহামেডানের জন্যই বেশি যন্ত্রণার হয়ে দেখা দেয়। কারণ শুরুর চার মিনিটেই পিছিয়ে পড়ে ঐতিহ্যবাহী সাদা কালো শিবির। জাতীয় দলের মিডফিল্ডার সৈয়দ রাশেদ তুর্য্যর মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাস বক্সের ওপর আয়ত্ত্বে নেন কঙ্গোলিজ ফরোয়ার্ড সিয়ো জুনাপিয়ো। দ্রুতগতিতে এগিয়ে ডান পায়ের কোনাকুনি শটে তিনি বল জালে জড়িয়ে দেন।

গোল হজম করে সমতা আনার জন্য মরিয়া হয়ে উঠে মোহামেডান। চাপ সৃষ্টি করে প্রতিপক্ষ শিবিরে কিন্তু প্রথমার্ধের শেষ পর্যন্ত তাদের হতাশা কাটেনি। এর মাঝে ৩২ মিনিটে মিডফিল্ডার বিপলু আহমেদ বক্সের মাঝামাঝি অবস্থান থেকে বল ক্রসপিসের উপরে মারেন। এর পাঁচ মিনিট  পর একই ধারায় সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। ৩৫ মিনিটে পানি পান করার জন্য কুলিং ব্রেক নেন খেলোয়াড়রা। শুধু খেলোয়াড়রা নন রেফারিদেরও এসময়ে পানি পান ও মাথায় পানি ঢালতে দেখা যায়।

বিরতির পর দ্বিতীয়ার্ধেও চাপ অব্যাহত রাখে মোহামেডান। কিন্তু গোলের দেখা পায়নি তারা। ৫৭ মিনিটে ক্যামেরুনিয়ান মিডফিল্ডার এজেকু প্যাট্রিস মাঝমাঠ থেকে বল দিয়েছিলেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরাকে। বক্সের বাম প্রান্তে শট নেওয়ার পূর্ব মুহূর্তে দারুণ এক ইন্টারসেপশন করে দলকে বিপদমুক্ত করেন নাইজেরিয়ান ডিফেন্ডার এলিটা বেনজামিন।

অবশেষে ৬৩ মিনিটে গোলখরা কাটায় মোহামেডান। মাঝমাঠ থেকে দ্রুত বল নিয়ে রহমতগঞ্জ বক্সে ঢুকে পড়েন মিডফিল্ডার মাশুক মিয়া জনি। তিনি মাটি কামড়ানো শট নিলে বল হাত ফসকে যায় রহমতগঞ্জ গোলরক্ষক আল আমিনের। আর ফাঁকায় দাঁড়ানো ইসমাইল বাঙ্গুরা বল ঠেলে দেন পোস্টে।

আর এ গোলেই উজ্জীবিত হয় মোহামেডান। ৬৮ মিনিটে এগিয়ে যায় সাদা কালো শিবির। সেনেগালের ডিফেন্ডার ইয়া ইয়া সি’রের ৩৫ গজ থেকে নেওয়া নিচু ফ্রি-কিক বাম দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান আল আমিন। কিন্তু বাঙ্গুরা তাকে ব্যাকহিল করেন, আর কোনাকুনি প্লেসিং শটে গোল করেন শাহাদাত হোসেন শাহেদ।

তবে ৭৮ মিনিটে আবারও গোল করেন সিয়ো জুনাপিয়ো। মিডফিল্ডার ফয়সাল আহমেদের ফরোয়ার্ড বলে জুনাপিয়ো বক্সের বামপ্রান্ত থেকে বাঁ পায়ের বাঁকানো শটে দূরের জালে বল জড়িয়ে দেন।

 /আরএম/এফআইআর/