আজ বাঁচা-মরার লড়াইয়ে আত্মবিশ্বাসী ইতালির মুখোমুখি জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দল দুটি। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিধর বেলজিয়ামকে পরিষ্কার ২-০ গোলে পরাস্ত করে বেশ আত্মবিশ্বাসী ইতালিয়ানরা। আয়ারল্যান্ড রিপাবলিকের সঙ্গে হারতে হারতে আত্মঘাতী গোলে ড্র করে কোনওমতে পার পেলেও এবার ইতালির মুখোমুখি হতে হচ্ছে তাদের।
তবে সুইডেনের বিপক্ষে মাঠে নামার আগে ইব্রাহিমোভিচকে নিয়ে বেশ সতর্ক ইতালি। ইতালিয়ান ক্লাব লাৎসিও'র উইংগার আন্তোনিও কান্দ্রেভা বলেন, ইব্রাহিমোভিচ এমন একজন খেলোয়াড় যিনি একাই একটা ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তবে আমরা আমাদের খেলায় মনোযোগ দিতে চাইবো। এবং মাঠে তাদের (সুইডেন) শক্তিটা খর্ব করার চেষ্টা থাকবে।
সুইডেনের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবশ্য অনেক এগিয়ে রয়েছে আজ্জুরিরা। ২২ ম্যাচের ভেতর ১০টিই জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে সুইডেন জিতেছে ৬টিতে। সেদিক থেকে জয়ের জন্য স্ট্রাইকার ইব্রাহিমোভিচের দিকেই তাকিয়ে থাকতে হবে সুইডেনকে। এবারের ইউরোর বাছাইপর্বে সর্বোচ্চ ১১ গোল করেছেন। শেষ ম্যাচেও তার পায়ের বাড়ানো বলেই আত্মঘাতী গোল করে আয়ারল্যান্ড।
২০০৪ সালে ইব্রাহিমোভিচের দেওয়া গোলেই ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল সুইডেন। আর এই ড্রয়ের ফলেই সেবার গ্রুপ পর্বে থেকে বিদায় নিতে হয়েছিল আজ্জুরিদের। নিশ্চয়ই সে ম্যাচের প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে বুফনের দল।
/এমআর/