তুর্কিদের উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো খেললেও মাত্র এক গোলের জয় নিয়ে সন্তষ্ট থাকতে হয়েছিল স্পেনকে। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরের ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে দুর্দান্ত খেলে, তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে দাপটের সঙ্গে শেষ ষোলোতে পা রেখেছে স্পেন।356953C100000578-3647322-image-a-40_1466194867836

‘ডি’ গ্রুপের প্রত্যেক দলের দুটি করে ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা। দ্বিতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়ার সংগ্রহ চার পয়েন্ট। চেক প্রজাতন্ত্র ১ আর তুরস্ক শূন্য পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে বেশ পিছিয়েই পড়েছে।

শুক্রবার নিসের আলিয়াঞ্জ রিভিয়েরায় ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে থাকলেও গোল করার তেমন ভালো সুযোগ তৈরি করতে পারছিল না স্পেন। ৩৪ মিনিটে নোলিতোর চমৎকার ক্রস থেকে আলভারো মোরাতোর নিখুঁত হেড জড়ায় তুর্কিদের জালে। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৩৭ মিনিটে  নোলিতো নিজেই গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেন দলকে।35694C4100000578-3647322-image-a-44_1466195102321

দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৮ মিনিটে) ইনিয়েস্তার রক্ষণচেরা পাস ডি বক্সে পেয়ে আলবা পাস দেন অরক্ষিত অবস্থায় থাকা মোরাতাকে। বিনা বাধায় গোলরক্ষকের দুপায়ের ফাঁক দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়। এরপর আর গোলের তেমন চেষ্টা করেনি স্পেন। তুরস্ক অনেক চেষ্টা করেও স্প্যানিশ রক্ষণে ফাটল ধরাতে পারেনি।

শুক্রবার ‘ডি’ গ্রুপের আগের ম্যাচে ক্রোয়েশিয়া দুই গোলে এগিয়েও হারাতে পারেনি চেক প্রজাতন্ত্রকে। ৩৭ মিনিটে ইভান পেরিসিচ ও ৫৯ মিনিটে ইভান রাকিতিচের লক্ষ্যভেদ জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ক্রোয়াটদের। কিন্তু ৭৫ মিনিটে মিলান ও একেবারে শেষ মুহূর্তে তমাস নেসিদের পেনাল্টি গোল মূল্যবান একটি পয়েন্ট এনে দেয় চেকদের।

/এমআর/