যেকোনও ভাবে জিততে হবে। ড্র বা হারলেই বিদায়। এমন কঠিন সমীকরণ সামনে রেখে ইউরোয় বুধবার রাত ১০টায় হাঙ্গেরির মুখোমুখি হবে রোনালদোর দল। ‘এফ’ গ্রুপ দুই পয়েন্ট নিয়ে পর্তুগাল এখন তিন নম্বরে। চার পয়েন্ট নিয়ে শীর্ষে হাঙ্গেরি। আইসল্যান্ডেরও রয়েছে দুই পয়েন্ট। রোনালদোরা আজ হাঙ্গেরিকে হারাতে পারলে গ্রুপ রানার্সআপ হওয়া নিশ্চিত।
তবে ময়দানি লড়াইয়ের সমীকরণ যতই কঠিন হোক না কেন পরিসংখ্যান দেখে স্বস্তি পেতে পারে পর্তুগাল। কারণ এর আগে দশবার হাঙ্গেরির মুখোমুখি হয়ে সাতবারই জিতেছে পর্তুগাল। ইউরোর আসরে কখনও প্রথম পর্ব থেকে বাদ পড়েনি পতুর্গিজরা। এই ম্যাচটি বলতে গেলে পর্তুগালের জন্য একরকম 'ফাইনাল' বলা চলে। তাতে দলটির বড় ভরসা অধিনায়ক রোনালদো।
২০১১ সালের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো সর্বশেষ তিন ম্যাচে গোলের দেখা পাননি পর্তুগিজ ফরোয়ার্ড। এটি যদি আশঙ্কা হয় তবে আশার খবরও রয়েছে রোনালদো ভক্তের জন্য। সর্বশেষ চারবার তিন ম্যাচের ‘গোলখরা’ কাটিয়েছেন কমপক্ষে ২ গোল করে, এর মধ্যে দুবার হ্যাটট্রিক।
কঠিন সময়ে রোনালদোর পাশে দাঁড়িয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। তার বিশ্বাস, হাঙ্গেরির বিপক্ষে ম্যাচেই গোলের দেখা পাবেন সিআর সেভেন, ‘রোনালদো এমন একজন খেলোয়াড়, যে প্রতিনিয়তই গোল করে। আমি নিশ্চিত করেই বলতে পারি যে সে হাঙ্গেরির বিপক্ষেই গোলের দেখা পাবে। প্রতিপক্ষের বিপক্ষে আমরা অসংখ্য সুযোগ তৈরি করেছি কিন্তু গোল করতে পারিনি। এটা খুবই দুঃখজনক। আমি মনে করি পরের ম্যাচেই তা হয়ে যাবে।’
পর্তুগালের জন্য রোনালদো যেমন, অস্ট্রিয়ার জন্য তেমনি ডেভিড আলাবা। বায়ার্ন মিউনিখ তারকাও প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন। হাঙ্গেরির বিপক্ষে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ড্র করে বেশ বিপাকে পড়েছে দলটি। অস্ট্রিয়া কোচ মার্সেল কোলারের চোখে আজকের ম্যাচ তাই ‘ফাইনাল’। তিনি বলেন, ‘এখনও আমরা দৌড়ে টিকে আছি। বুধবার আমাদের জিততেই হবে। এটিই আমাদের ফাইনাল।’
/এমআর/