তারা দুজনই প্রতিপক্ষের ডিফেন্সের সামনে মূর্তিমান আতঙ্ক। গোল করায় দারুণ নিপুণ। খেলেন ভিন্ন ভিন্ন দেশে, ভিন্ন ক্লাবে। রোনালদো স্পেনের রিয়াল মাদ্রিদে। লেভানডফস্কি জার্মানির বায়ার্ন মিউনিখে। এবার দেশের হয়ে একে অন্যের মুখোমুখি দুই সুপারস্টার। পর্তুগাল ও পোল্যান্ড লড়বে সেমিফাইনালে উঠতে।
তবে রোনালদোর চেয়ে কিছুটা পিছিয়ে লেভা। গেল মৌসুমে ৩০ গোল করে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। কিন্তু ইউরোতে যে গোলই করতে পারছেন না রবার্ট লেভানডফস্কি! এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছেন পোল্যান্ডের সেরা এই তারকা ফরোয়ার্ড। কিন্তু গোল পাননি একটিও। সব মিলিয়ে ইউরোতে তিনি ৬৪৩ মিনিট গোলহীন! এমনকি কোনও অ্যাসিস্টও নেই!
অন্যদিকে ৩১ বছর বয়সী রোনালদোর কখনও বড় শিরোপা জেতা হয়নি। হয়তো এটাই শেষ ইউরো তার। আর একটি গোল করলেই ইউরোতে সর্বোচ্চ গোল করার মিশেল প্লাতিনির রেকর্ড স্পর্শ করবেন। এর মধ্যে চার ইউরোতে গোল করা প্রথম খেলোয়াড় হয়েছেন। ইউরোতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও তার। হাঙ্গেরির বিপক্ষে গ্রুপ পর্বে জোড়া গোল করে দেশকে বাঁচিয়েছিলেন। বিদায়ের মুখ থেকে নিয়ে এসেছিলেন শেষ ষোলোতে। কিন্তু রোনালদোর 'আগুন' বলতে যা বোঝায় তার দেখা এখনও মেলেনি। দেখাই যাক শেষ চারে ওঠার লড়াইয়ে কার জয় হয়, রোনালদো নাকি লেভানডফস্কির!
/এমআর/