আইসল্যান্ডকে উড়িয়ে ইউরোর সেমিতে ফ্রান্স

35EB2E6F00000578-3672673-image-a-21_1467574593864অবশেষে ইউরোতে পথচলা শেষ হলো আইসল্যান্ডের। ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটের লড়াইয়ে ফেভারিট ফ্রান্সের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরে গেছে প্রথমবারের মতো বড় কোনও প্রতিযোগিতায় খেলতে আসা দেশটি। এ জয়ে ইউরোর সেমিতে উঠেছে ফ্রান্স। সেখানে তাদের প্রতিপক্ষ জার্মানি। এদিন ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন অলিভার জিরুদ। একটি করে গোল করেন পল পগবা, দিমিত্রি পায়েত ও অঁতোয়ান গ্রিজমান।

রবিবার খেলার ১২ মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। ব্লেইস মাতুইদির ডিফেন্স চেরা পাস খুঁজে পায় অফ সাইড ফাঁদ ভাঙা জিরুদকে। আর্সেনাল ফরোয়ার্ডের কোনাকুনি শট ফেরানোর কোনও সুযোগই ছিল না গোলরক্ষকের। ২০তম মিনিটে স্বাগতিক সমর্থকদের আবার উল্লাসে মাতান পগবা। গ্রিজমানের কর্নারে লাফিয়ে হেড করে বল জালে পাঠান জুভেন্টাসের এই মিডফিল্ডার।3

৪৩তম মিনিটে গ্রিজমানের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে দলের তৃতীয় গোলটি করেন পায়েত। দুই মিনিট পর গোল উৎসবে যোগ দেন গ্রিজমানও। মাঝমাঠে বল পেয়ে অনেকটা দৌড়ে চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ৫৬ মিনিটে ব্যবধান কমান কোলবেইন সিগথোরসন। জিলফি সিগার্ডসনের দারুণ ক্রসে খুব কাছ থেকে বল জালে পাঠান তিনি।

ব্যবধান কমানোর আনন্দ বেশিক্ষণ থাকেনি আইসল্যান্ডের। তিন মিনিট পরেই ব্যবধান বাড়ান জিরুদ। পায়েতের দারুণ ফ্রি-কিকে আর্সেনাল ফরোয়ার্ডের হেড জাল খুঁজে নেয়। হ্যাটট্রিকের সুযোগ ছিল জিরুদের সামনে। কিন্তু দ্বিতীয় গোল দেওয়ার পরপরই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ দিদিয়ে দেশম। খেলা ৮৪তম মিনিটে বারকির বিয়ারনাসনের হেডে ব্যবধান কমায় আইসল্যান্ড। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।35EB255C00000578-3672673-image-a-1_1467573985821

/এমআর/