কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে বার্সা তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আর্জেন্টিনার পত্রিকা ‘লা ন্যাশন’ জানিয়েছে, আগামী নভেম্বরে ব্রাজিলের বিপক্ষের ম্যাচ দিয়ে অবসর ভেঙে জাতীয় দলে ফেরার কথা ভাবছেন মেসি।
মেসির সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসি এই ম্যাচ দুটিতে খেলবেন না। অক্টোবরেও খেলবেন না। তবে ১০ নভেম্বর ব্রাজিলের বিপক্ষের ম্যাচ দিয়ে দলে ফিরতে পারেন। তা না হলে, ১৫ নভেম্বর কলম্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে ফের আন্তর্জাতিক ম্যাচ শুরু করবেন তিনি।
মেসি বড় টুর্নামেন্টের চারটি ফাইনালে খেলে একবারও শিরোপা জিততে পারেননি। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালসহ টানা তিনবার ফাইনালে হেরেছেন। সর্বশেষ শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরেছে তার দল। মেসি টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। এই ম্যাচে হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ২৯ বছর বয়সী এই তারকা। মেসিকে জাতীয় দলে ফিরতে অনেকেই অনুরোধ করেছেন। দেশের সমর্থকরা রীতিমতো প্রতিদিন মিছিল করছেন।
/এমআর/