ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে ভর করে গ্যারেথ বেলের ওয়েলসকে হারিয়ে ইউরোর ফাইনালে উঠেছে পর্তুগাল। নিজে একটি গোল করা ছাড়াও লুইস নানিকে দিয়ে একটি গোল করিয়েছেন সিআর সেভেন।
এদিন লড়াইটা ছিল মূলত দুই রিয়াল তারকা রোনালদো এবং ওয়েলসের গ্যারেথ বেলের মধ্যে। দুর্দান্ত পারফরম্যান্সে নিজের ক্লাব সতীর্থকে হারিয়ে দিলেন রোনালদো। এ হারে ইউরোর সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো গ্যারেথ বেলের ওয়েলসকে। অন্যদিকে শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল রোনালদোর পর্তুগাল।
ফ্রান্সের লিওতে আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে শুরু হয় প্রথমার্ধের খেলা। তবে প্রথমার্ধে গোল পায়নি কোনও দলই। অবশ্য নিশ্চিত গোল করার মতো সুযোগ তৈরিও করতে পারেনি কেউ।
খেলা জমে উঠে দ্বিতীয়ার্ধে। বিরতির পর যেন ভিন্ন রূপে মাঠে নামেন রোনালদো-নানিরা। ৫২ মিনিটে কর্নার থেকে ছোট পাসে ওয়েলসের ডি-বক্সের ভেতরে ক্রস দিয়েছিলেন রাফায়েল গুয়েরেইরো। ওই ক্রস থেকে বুলেট গতির হেডে জালে বল জড়ান রোনালদো। এ গোলে ইউরোর সর্বোচ্চ গোলদাতা মিশেল প্লাতিনিকে স্পর্শ করেছেন সিআর সেভেন। দুজনের গোলই ৯টি করে। আর একটি গোল করলে ইউরোর সর্বোচ্চ গোলদাতা হবেন রোনালদো।
এর এক মিনিট পরই ওয়েলসকে স্তব্ধ করে ২ গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। এবারও গোলের উৎস রোনালদো। তার পাস থেকে বল জালে জড়ান নানি। ম্যাচের বাকি সময় আর কোনও গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে পৌঁছে যায় পর্তুগাল।
/এমআর/