ইউরো জিতে মেসিকে ছাড়িয়ে যাবেন রোনালদো?

285040-ronaldo-messiলিওনেল মেসি দেশের জার্সিতে চারটি মেগা টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন। একটি বিশ্বকাপ, তিনটি কোপা আমেরিকার ফাইনালে দলের হার দেখতে হয়ে তাকে। ক্ষোভে-অভিমানে শেষে জাতীয় দলকে বিদায় বলে দিলেন।
অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো আগামী রবিবার জাতীয় দলের জার্সিতে তার দুই নম্বর ফাইনালটি খেলতে নামবেন। ১২ বছর আগে ইউরো কাপের ফাইনালে উঠেছিলেন রোনালদো। গ্রিসের বিপক্ষে সহজতম সুযোগ গোলবারের ওপর দিয়ে উড়িয়ে হতাশায় মুষড়ে পড়েছিলেন তিনি।
জাতীয় দলের জার্সিতে মেসিকে বারবার একই প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে। এবার কি পারবেন শিরোপা খরা কাটাতে? একই বিন্দুতে দাঁড়িয়ে সিআর সেভেন। ইউরো-আকাশে হানা দিচ্ছে, এক যুগ পর কী হবে? পারবেন কি রোনালদো?
বিশ্ব ফুটবলের দুই মহাতারকার প্রেক্ষাপট এখন এত বিপরীতধর্মী আর নাটকীয় যে, তুলনা আরও বেশি করে চলে আসছে। রোনালদো ব্যর্থতার মৃত্যুগুহা থেকে এক রাতে বেরিয়ে সাফল্যের সূর্যোদয় দেখছেন। রোনালদোর উচ্ছ্বাসের দিনেই আদালতের রায়-মেসি কর ফাঁকি দিয়েছেন। শাস্তি একুশ মাসের জেল। স্পেনের নিয়মে জেলে যেতে হচ্ছে না কিন্তু এর পর সম্মান অক্ষুণ্ণ থাকে কতটুকু?

১২ বছর আগের রাত পর্তুগিজদের এখনও মনে আছে। মনে আছে, রোনালদোর কান্না। কোথাকার কোন এক গ্রীক ক্যারিস্তিয়াস এসে সেদিন সর্বস্ব লুঠ করে নিয়ে গিয়েছিলেন। এক যুগ পর পর্তুগাল চায় একটা শান্তির ঘুম। চায়, ইউরো জিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসিকে হারিয়ে মুকুটটা চলে যাক রোনালদোর মাথায়।

/এমআর/