নাপোলি ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন হিগুয়েন!

হিগুয়েনআর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েনকে দলে টানতে এবারও আদাজল খেয়ে মাঠে নেমেছিল আর্সেনাল। তবে ইতালিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, এবারও হিগুয়েনকে দলে টানতে ব্যর্থ গানাররা। বরং নাপোলি ছেড়ে আরেক ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে পাড়ি জমাচ্ছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। দুর্দান্ত ফর্মে থাকা হিগুয়েন সবশেষ মৌসুমে ৪২ ম্যাচে ৩৮ বার প্রতিপক্ষের জালে বল জড়ান।

সূত্রের খবর, বছরে ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে হিগুয়েনের সঙ্গে চুক্তি করতে রাজি জুভেন্টাস। তবে ৯৪ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিতে অনিচ্ছুক ইতালিয়ান চ্যাম্পিয়নরা। খেলোয়াড় অদলবদলের মাধ্যমে তা কমিয়ে আনার প্রস্তাব দিতে চায় জুভরা।

এক্ষেত্রে হিগুয়েইনকে পাওয়ার বিনিময়ে তার স্বদেশী মিডফিল্ডার রবার্তো পেরেইরাকে ছেড়ে দিতে পারে জুভেন্টাস। উদীয়মান সেন্টার ব্যাক ড্যানিয়েল রুগানিও বিবেচনায় আছেন। জানা গেছে, কয়েকদিনের মধ্যে অফিসিয়ালি হিগুয়েনের চুক্তি সম্পন্ন হতে পারে। এ লক্ষ্যে নাপোলির ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসবেন জুভেন্টাসের জেনারেল ডিরেক্টর গিসেপ্পে মারোত্তা।

/এমআর/