অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া আর ক্লাবটির কোচ ডিয়েগো সিমিওনের ছেলে রিভার প্লেটের স্ট্রাইকার জিওভান্নি সিমিওনেকে নিয়েই অলিম্পিক ফুটবলের জন্য ১৮ সদস্য বিশিষ্ট চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।আগামী ৫ অগাস্ট এবারের অলিম্পিকের উদ্বোধন হবে। তবে ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে যাবে ৪ অগাস্ট। ওই দিনই পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার অভিযান। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আলজেরিয়া ও হন্ডুরাস।
দলে আর্জেন্টিনার বাইরে খেলা ৫ খেলোয়াড় রয়েছে। তারা হলেন, অ্যাঞ্জেল কোরেয়া, ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার মানুয়েল লানসিনি, রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক জেরোনিমো রুয়ি, সাও পাওলোর ফরোয়ার্ড জোনাথান কায়েরি ও ক্রুজেইরোর লুকাস রোমেরো।
আর্জেন্টিনার অলিম্পিক কমিটির সভাপতি জেরার্দো ওয়ের্দেইন জানান, অলিম্পিকের জন্য ক্লাবগুলোর কাছ থেকে খেলোয়াড় পেতে বেশ সমস্যা পোহাতে হয়েছে তাদের। মূলত এই কারণেই ইউভেন্তুসের ফরোয়ার্ড পাওলো দিবালাকে দলে নিতে পারেনি তারা। ইন্টার মিলানের মাউরো ইকার্দিও একই কারণে দলে নেই।
রিভার প্লেটের স্ট্রাইকার জিওভান্নি সিমিওনে গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভালো খেলার উপহার পেয়েছেন। ওই টুর্নামেন্টে ৯ ম্যাচে ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি।
অলিম্পিকে মূলত কোনও দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলে। তবে কোচ চাইলে ৩ জন বেশি বয়সী খেলোয়াড় খেলাতে পারেন। আর্জেন্টিনা দলে বেশি বয়সী খেলোয়াড় আছেন দুজন-গোলরক্ষক রুয়ি আর ইন্দেপেন্দিয়েন্তের ডিফেন্ডার ভিক্তর কুয়েস্তা।
/এমআর/