ব্যালন ডি’অর জয়ে রোনালদোকেই এগিয়ে রাখছেন নেইমার

এবারের ব্যালন ডি’অরের জন্য দলীয় সতীর্থ লিওনেল মেসিকে এগিয়ে রাখছেন না নেইমার। রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেই এক্ষেত্রে ফেভারিট মানছেন ব্রাজিল তারকা।

২০১৫-১৬ মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানোর পর পর্তুগিজ ফরোয়ার্ড জিতেছেন ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো শিরোপা।

এমন কৃতিত্বের পর নেইমার মনে করছেন, ‘ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে শিরোপা জয় বড় ভূমিকা রাখে। সেক্ষেত্রে রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে ইউরো শিরোপাও জিতেছে। তাই আমার মনে হয় সেই এগিয়ে আছে।’

সেই সঙ্গে রোনালদোর প্রশংসাও করেছেন নেইমার। বলেছেন, ‘রোনালদো একজন গ্রেট খেলোয়াড়। এটা মানতে আমার কোনও আপত্তি নেই।’

২০১৪-১৫ মৌসুমে বার্সার হয়ে ট্রেবল জিতে গতবার পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। আর একই পুরস্কার তিনবার জিতেছেন রোনালদো। এ বছর জিতে মেসির সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে তার।

উল্লেখ্য, ৪৯ ম্যাচে ৪১টি গোল করেছেন মেসি। আর রোনালদো ৪৮ ম্যাচে করেছেন ৫১ গোল।

/এফআইআর/