ডেনমার্ককে উড়িয়ে কোয়ার্টারে ব্রাজিল

3718629300000578-0-image-a-63_1470879861300হারলেই বিদায়, ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। এমন সমীকরণ নিয়ে অলিম্পিক ফুটবলের গ্রুপপর্বের শেষ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে সব শঙ্কা উড়িয়ে ডেনমার্ককে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেইমার-গ্যাব্রিয়েলরা। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

ব্রাজিলের হয়ে গ্যাব্রিয়েল বারবোসা জোড়া গোল করেন। লক্ষ্যভেদ করেন গাব্রিয়েল জেসুস ও লুয়ানও।

আগেই দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর ইরাকের বিপক্ষে গোলশূন্য ড্রতে গ্রুপপর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় ছিল নেইমার-বারবোসা-জেসুসরা। কিন্তু এদিন শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ২৬ মিনিটে গ্যাব্রিয়েল বারবোসা গোল করে দলকে লিড এনে দেন। এরপর ম্যাচের ৪০ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস গোল করলে ২-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন নেইমার-বারবোসারা। ম্যাচের ৫০ মিনিটে লুয়ানের গোলে ৩-০ তে লিড নেয় স্বাগতিকরা। আর ম্যাচের ৮০ মিনিটে বারবোসা নিজের দ্বিতীয় গোল করেন। ফলে ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। এই জয়ে ব্রাজিল শুধু জেতেইনি, গ্রুপ সেরা হয়েছে।

/এমআর/