গোলবারের বাধা পেরোতে পারলো না আবাহনী

জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ঢাকা আবাহনী। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে বলা যায় ভাগ্যই বঞ্চিত করেছে আবাহনীকে। তাদের তিনটি শট গোলবারে লেগে ফিরে আসে। যেগুলো কিনা নিশ্চিত গোল হওয়ার কথা ছিল। অন্যদিকে একবার ব্রাদার্সেরও বাধা হয়ে দাঁড়িয়েছিল গোলবার।

এ ড্রয়ে ৫ খেলায় আবাহনীর সংগ্রহ দাঁড়ালো ৯ পয়েন্ট। ৫ ম্যাচে ব্রাদার্সের সংগ্রহ ৪ পয়েন্ট। এ ম্যাচ দিয়ে শেষ হলো প্রিমিয়ার লিগের ময়মনসিংহ পর্ব।

আবাহনীই প্রথম পোস্ট বল লাগানোর যাত্রা শুরু করে। ১৪ মিনিটে জুয়েল রানার ক্রসে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা সাইড পোস্টে বল লাগান। ব্রাদার্সও আনুসরণ করে একই পথ। ৩৯ মিনিটে মো. রনির পাসে নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলের শট আবাহনীর সাইডপোস্টে লেগে মাঠে ফিরে আসে।

খেলার ৫৪ থেকে ৬১ মিনিট ছিল নাটকীয়। এ সাত মিনিটেই হয় দুটি গোল। ব্রাদার্স পরিণত হয় দশ জনের দলে। ৫৪ মিনিটে ম্যাচে এগিয়ে যায় ব্রাদার্স।

সামাদ ইউসুফ ও আউডু ইব্রাহীম আগে আবাহনী সতীর্থ ছিলেন। ৭ মৌসুম আবাহনীতে কাটানোর পর এবার আউডু ইব্রাহিম নাম লিখিয়েছেন ব্রাদার্সে। আউডু ইব্রাহীমকে বক্সের মধ্যে ফাউল করেন সামাদ। পরিণতিতে পেনাল্টি পায় ব্রাদার্স। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে।

ব্রাদার্স দশ জনের দলে পরিণত হয ৫৮ মিনিটে, মাঝমাঠে একটি লং বল হাত দিয়ে রিসিভ করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মান্নাফ রাব্বি। ৬১ মিনিটে সমতা আনে আবাহনী। বক্সের সামান্য বাইরে থেকে রেইনবো ফ্রি-কিকে ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়ুয়াকে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড লি টাক।

আবাহনী শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায়। তবে ব্রাদার্সের গোলপোস্ট হয়ে বাধা হয়ে দাঁড়ায়। ৯০ মিনিটে লি টাকের ক্রসে প্লেস করেছিলেন জুয়েল রানা। বল ক্রসপিসের নিচে লেগে খেলায় ফিরে আসে। এর পরের মিনিটে নাবিব নেওয়াজ জীবন লি টাকের করা একটি ক্রসে প্লেস করেছিলেন। এবার বল আঘাত হানে সাইড পোস্টে।

/আরএম/এমআর/