ব্রাদার্সের বিপক্ষে ড্র করেছে মোহামেডান

photo 4জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ রাউন্ডের শেষ খেলায় ২-২ গোলে ড্র করেছে ঢাকা মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচায় ব্রাদার্স। দুটি গোলই করেন তাদের নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে।

ময়মনসিংহে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্রুততম গোল (৩৪ সেকেন্ডে) করেছিলেন চট্টগ্রাম আবাহনীর জাহিদ হোসেন। সেই রেকর্ড ভেঙ্গে দেন মোহামেডানের ফরোয়ার্ড ও অধিনায়ক তৌহিদুল আলম সবুজ। কিক-অফের সঙ্গে সঙ্গে বল নিয়ে প্রতিপক্ষ রক্ষণদূর্গে ঢুকে পড়েন মোহামেডানের ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড প্যাট্রিস এনজেকু। বক্সের মাঝ থেকে তিনি স্কয়ার পাস দেন সবুজকে, ডান পায়ের প্লেসিং শটে তিনি বল জড়িয়ে দেন জালে।

মোহামেডানের অগ্রগামিতা দুই গোলে নিয়ে যান মিডফিল্ডার মাসুদ রানা। ১৭ মিনিটে তৌহিদুল আলম সবুুজের করা একটি ক্রস ব্রাদার্সের একজন ডিফেন্ডারের পায়ে লেগে উড়ে এসে পড়ে মাসুদ রানার সামনে। বক্সের ডানপ্রান্ত থেকে তার কোনাকুনি শট আছড়ে পড়ে ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়ুয়ার ডান হাতের পোস্টের জালে।

ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে ব্যবধান কমান ২১ মিনিটে। 'ক্লাসিক হেড' বলতে যা বোঝায় তার ফলশ্রুতিতেই আসে গোলটি। ডান প্রান্ত থেকে নেওয়া কর্নার বাতাসে ভাসিয়ে দিয়েছিলেন মিডফিল্ডার কাওসার আলি রাব্বি। এনকোচার স্পটজাম্প ও টাইমিংয়ে বল যে গতি পায় তাতে মোহামেডান গোলরক্ষক নড়ারও সুযোগ পাননি।

ব্রাদার্স হুমকি দিয়েই চলে মোহামেডানকে। ৩৮ মিনিটে বক্সের ওপর থেকে আচমকা নিচ দিকে বাঁক নেওয়া শট নিয়েছিলেন মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেল। মোহামেডান গোলরক্ষক নেহাল শরীর পেছনের দিকে ভাসিয়ে পাঞ্চ করে কর্নারের বিনিময়ে দলকে বাঁচান।

এনকোচা কিংসলের পায়েই ম্যাচে সমতা আনে ব্রাদার্স। ৬১ মিনিটে তাকে বক্সের মাঝে রুখে দেন মোহামেডানের ডিফেন্ডাররা। তবে ঠিকমতো ক্লিয়ার করতে না পারাতে আবারও বল পেয়ে যান কিংসলে। মাটি কামড়ানো শটে তিনি ম্যাচের স্কোরলাইন সমান করে দেন।

৬৭ মিনিটে মাহমেডানের ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড প্যাট্রিস এনজেকু মাশুক মিয়া জনির স্কয়ার পাসে বল প্লেস করেছিলেন, বল সাইডপেস্টে আঘাত করে থেলায ফিরে আাসে। দুই দলই খেলেছে ছয়টি করে ম্যাচ। উভয়েরই পয়েন্ট পাঁচ। বাংলাদেশ-ভুটানের এশিয়ান কাপ প্লে-অফের জন্য আগামী ৭ সেপ্টেম্বর পযন্ত লিগের খেলা বন্ধ থাকবে।

/এমআর/