লা লিগায় দুর্দান্ত শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। লিগের প্রথম ম্যাচে রিয়াল বেটিসকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সা। হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। দুটি গোল করেছেন লিওনেল মেসি। একটি গোল করেছেন আর্দা তুরান।
শনিবার রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত খেলার ৬ মিনিটেই এগিয়ে যায় বার্সা। মৌসুমে বার্সার প্রথম গোলটি করে তুরান। লিওনেল মেসির ক্রস থেকে তুরানের দিকে বল বাড়ান জর্ডি আলবা। সেখান থেকে গোল করতে ভুল করেননি তুরান।
২১তম মিনিটেই গোল শোধ করে বেটিস। গোলটি শোধ করেন রুবেন কাস্ত্রো মার্টিন। খেলার ৩৭ মিনিটে দেখা মেলে সেই পুরনো মেসির। সার্জিও রবার্তোর পাস থেকে দলকে এগিয়ে দেন এই আর্জেন্টাইন তারকা।
৪২তম মিনিটে মৌসুমে নিজের প্রথম গোল করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। সার্জিও রবার্তোর পাস থেকে কোনাকুনি শটে গোল করেন তিনি। ৩-১ গোলে এগিয়ে যায় বার্সা।
৫৬তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন সুয়ারেজ। মেসির পাস থেকে গোলটি করেন তিনি। এর দুই মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন মেসি। বেটিস ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে মেসিকে পাস দেন তুরান। জোরালো এক শটে গোলটি করেন মেসি। খেলার ৮২ মিনিটে দারুণ এক ফ্রি-কিকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারেজ। ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান কমান কাস্ত্রো। শেষ পর্যন্ত ৬-১ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
/এমআর/