বিদেশি ফরোয়ার্ড নির্ভরশীলতা চোখে পড়েছে সেইন্টফিটের

ঘরোয়া  ফুটবলে ক্লাবগুলোর বিদেশি ফরোয়ার্ড নির্ভরশীলতা চোখে পড়েছে জাতীয় দলের নবনিযুক্ত বেলজিয়ান হেড কোচ টম সেইন্টফিটের। তাই জাতীয় দলের গোল খরা দূর করতেই এএফসি কাপের প্লে-অফ-২ এর প্রাথমিক দলে ১২ জন স্ট্রাইকার রেখেছেন বেলজিয়ান এই কোচ।

আজ সোমবার বাফুফে ভবনে  আনুষ্ঠানিক নিয়োগের পর সেইন্টফিট বলেন, ‘ঘরোয়া ফুটবলে তো দেশি ফরোয়ার্ডদের জায়গাই হয় না। এখানে তো দেখি শুধু আফ্রিকানদের দাপট, তাই আমি আমার  প্রাথমিক স্কোয়াডে ১২ জন স্ট্রাইকার রেখেছি যাতে তাদের আমি ভালো ভাবে যাচাই বাছাই করতে পারি। আমি তো দেখি নাবিব নেওয়াজ জীবন তার ক্লাবের  খেলায় ফ্রন্টলাইনে থাকে না। তাই গোল করার সুযোগও পায় কম, ভুটানের বিপক্ষে জয়ের জন্য আমাদের গোল করার বিকল্প নেই। তাই আামি ১২ জন স্ট্রাইকার নিয়েছি। এর মাঝেই নির্বাচন করবো সেরাদের।’

সেইন্টফিট আরও বলেন, ‘বাংলাদেশের দায়িত্ব নিতে পেরে আমি গর্বিত। পাশে পেয়েছি পল স্মলির মতো একজন ডিরেক্টরকে যার রয়েছে ফুটবল উন্নয়নে কাজ করার বিশাল অভিজ্ঞতা। আমার লক্ষ্য বাংলাদেশকে এএফসি কাপের চূড়ান্ত পর্বে ঠাঁই করানো। আমি বিশ্বাস করি সে যোগ্যতা বাংলাদেশের আছে এবং তা মাঠে করে দেখাবে।’

/আরএম/এফআইআর/